১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বাংলাদেশ

সুষ্ঠু নির্বাচন করার মতো লেভেল প্লেয়িং ফিল্ড নাই – ইসলামি আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করিম

সুষ্ঠু নির্বাচন করার মতো লেভেল প্লেয়িং ফিল্ড নাই – ইসলামি আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করিম

বর্তমানে দেশে সুষ্ঠু নির্বাচন করার মতো লেভেল প্লেয়িং ফিল্ড নাই বলে অভিযোগ করেছেন ইসলামি আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম। শনিবার ১০ জানুয়ারী রাজধানীর পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক বৈঠকে এ কথা বলেন তিনি।

সৈয়দ রেজাউল করিম বলেন, নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড জরুরি। লেভেল প্লেয়িং ফিল্ড একটি বহুমাত্রিক বিষয়। মাঠ পর্যায়ের কর্মকর্তাদের মনোভাব, ঝোঁক ও প্রবণতা নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ডে প্রভাব বিস্তার করে। সার্বিক পরিস্থিতি বিশ্লেষণে সুষ্ঠু নির্বাচন করার মতো কাঙ্ক্ষিত মানের লেভেল প্লেয়িং ফিল্ড বিদ্যমান নাই। ইসলামি আন্দোলন বাংলাদেশ এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করছে।

ইসলামি আন্দোলনের আমির বলেন, ওসমান হাদীর হত্যাকারীকে এখনো গ্রেপ্তার করতে না পারায় জনমনে আস্থা ফিরছে না। অবৈধ অস্ত্র উদ্ধারে আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতাও আশাব্যাঞ্জক না।

সৈয়দ রেজাউল করিম আরও বলেন, মনোনয়নপত্র বাছাইয়ের সময় কোন কোন রিটার্নিং কর্মকর্তাদের আচরণ আমাদের চিন্তিত করেছে। তবে আমরা এখনো আশাবাদী যে, সরকার সকলের জন্য সমান সুযোগ সৃষ্টি করবে, সকলের সঙ্গে সমান আচরণ করবে। অবৈধ অস্ত্র উদ্ধারে গুরুত্ব দেবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে কার্যকর ব্যবস্থা নেবে।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন দলের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম, মহাসচিব ইউনুস আহমদ, প্রেসিডিয়াম সদস্য মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান প্রমুখ।