বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান আসন্ন ১২ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন। শুক্রবার (৩০ জানুয়ারি) রংপুরের কালেক্টরেট ঈদগাহ মাঠে আয়োজিত বিএনপির বিভাগীয় নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
তারেক রহমান বলেন, ‘১২ তারিখে ধানের শীষে যেমন সিল দিবেন, একইভাবে আপনাদের যে দ্বিতীয় ব্যালট পেপারটি দেওয়া হবে, সেখানে “হ্যাঁ” এবং “না”র মধ্যে দয়া করে আপনারা “হ্যাঁ”র পক্ষে রায় দিবেন।’
সংস্কার প্রসঙ্গে বিএনপির চেয়ারম্যান বলেন, ‘আজ থেকে প্রায় আড়াই বছর আগে যখন স্বৈরাচার এ দেশের মানুষের কাঁধের ওপর চেপে বসেছিল, সেই সময় বিএনপি ৩১ দফার সংস্কার প্রস্তাব জনগণের সামনে পেশ করেছিল। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আসার পর তারা যে সংস্কার কমিশন গঠন করেছে, সেখানেও আমরা আমাদের প্রস্তাবনা দিয়েছি।’
তিনি আরও যোগ করেন, ‘সংস্কারের অনেক বিষয়ে মিল থাকলেও কিছু বিষয়ে আমাদের দ্বিমত আছে। তবে আমরা কোনো লুকোছাপা করিনি, জনগণের সামনে প্রকাশ্যে বলেছি কোনটিতে আমাদের সম্মতি আছে আর কোনটিতে ডিজঅ্যাগ্রিমেন্ট [দ্বিমত] আছে।’
আন্দোলনের শহীদদের স্মরণ করে তারেক রহমান বলেন, ‘মানুষের অধিকার ফিরিয়ে আনার জন্য রংপুরের আবু সাইদ ও চট্টগ্রামের ওয়াসিমসহ হাজারো মানুষ জীবন উৎসর্গ করেছেন। তাদের এই আত্মত্যাগের মূল্যায়ন করতে হলে মানুষের ভোটের অধিকার, কথা বলার অধিকার ও অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে। আমরা যে “জুলাই সনদে” স্বাক্ষর করেছি, তাকে আমাদের অবশ্যই সম্মান করতে হবে।’
দেশের প্রকৃত পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘৫ আগস্ট দেশে পরিবর্তন এসেছে। মানুষ এখন ভাগ্যের পরিবর্তন চায়। শুধু বড় বড় ফ্লাইওভার বা বিল্ডিং নয়, মানুষের প্রয়োজন কর্মসংস্থান এবং নিরাপত্তা। মানুষ চায় নির্বিঘ্নে রাস্তায় হাঁটতে এবং শান্তিতে ঘুমাতে।’
আইন-শৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি আশ্বস্ত করে বলেন, ‘নিরাপদ ব্যবস্থা নিশ্চিত করতে হলে আপনাদের সমর্থন প্রয়োজন। বিএনপির অতীত ইতিহাস আছে কীভাবে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে হয়। ইনশাআল্লাহ, আপনাদের সমর্থনে বিএনপি আবারও সেই নিরাপদ বাংলাদেশ গড়ে তুলবে।’
বিশাল এই জনসভায় রংপুর বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে হাজার হাজার নেতা-কর্মী ও সাধারণ মানুষ সমবেত হন। বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির অঙ্গিকারের কথা পুনর্ব্যক্ত করেন।