বাংলাদেশে ২৪ এর জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক এবং অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম নানা বিষয়ে কথা বলেছেন জার্মান বেতার ডয়চে ভেলে-র সঙ্গে৷
অন্তর্বর্তী সরকারে ছাত্রপ্রতিনিধিদের সত্যিকারের কোনো ক্ষমতা ছিল না বলেও মন্তব্য করেছেন মাহফুজ আলম। তিনি বলেন, তাদের রাখা হয়েছিল কেবলই ‘ছাত্ররাই সব’ এমনটা দেখানোর জন্য৷
সংক্ষেপিত আকারে সাক্ষাৎকারের কিছু অংশ তুলে ধরা হলো পাঠকদের জন্য৷ প্রশ্ন: আপনারা ছাত্রদের প্রতিনিধি হিসাবে উপদেষ্টা পরিষদে গিয়েছিলেন৷ পরবর্তীতে কি আপনারা ছাত্রদের প্রতিনিধি হতে পেরেছিলেন আসলে?
মাহফুজ আলম: অধিকাংশ ক্ষেত্রে হওয়া গেছে৷ ছাত্রদের প্রতিটা ইস্যু প্রথম ছয় থেকে সাত মাস ডিল করা হয়েছে৷ আমরা তিন জন সেগুলো ডিল করেছি৷ বিশেষ করে রাজনৈতিক ইস্যুগুলো আমি নিজে ব্যক্তিগতভাবে ডিল করেছি৷
প্রশ্ন: মানুষের এক ধরনের পারসেপশন আছে৷ অনেক বিশ্লেষকও এটা বলে থাকেন যে, উপদেষ্টা পরিষদের মধ্যে নানা ধরনের গ্রুপ আছে৷ একেক উপদেষ্টা একেক গ্রুপের পারপাস সার্ভ করেন৷ আপনি কি সেটা দেখেছেন? আমাদের বলবেন? মাহফুজ আলম: আমার মনে হয়, এখন আমি এ বিষয়ে কথা বলার অবস্থানে নেই৷ প্রশ্ন: এর মানে আপনি স্বীকারও করছেন না, অস্বীকারও করছেন না?
মাহফুজ আলম: হ্যাঁ৷ ইতিহাস বিচার করবে আমরা কোথা থেকে কোথায় আসলাম, কেন আসলাম৷ আমি শুধু এতটুকু আজ বলবো, পরবর্তীতে বলার সুযোগ বা সময় হলে আরো বলবো৷ ছাত্রদের যে পরিমাণ দোষ দেয়া হয়, তার এক শতাংশও ছাত্রদের না৷ প্রশ্ন: কার?
মাহফুজ আলম: ওল্ড গার্ডসদের৷ যারা ছাত্রদের কেবল সামনে দেখিয়েছে, যে দেখো এরাই সবকিছু করেছে, এরাই সবকিছুর জন্য পাপী৷…. ক্ষমতায়ন করা বলতে যা বোঝা যায়, ছাত্রদের কতটা ক্ষমতায়ন করেছে সবাই মিলে? প্রশ্ন: আপনি সরাসরি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ছিলেন৷
মাহফুজ আলম: প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসাবে আমার কাজ কী ছিল? আপনি সাংবাদিক হিসাবে জানেন? এটাই ইতিহাস ব্যাখ্যা করবে, আপনিই সাংবাদিক হিসাবে জানেন না, আমার কাজ কী ছিল!














