


বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের যেসব এলাকায় সহিংসতা, ভয়ভীতি প্রদর্শন বা বেআইনি কর্মকাণ্ডের অভিযোগ পাওয়া যাবে, সেখানেই কঠোর ব্যবস্থা নিতে হবে এবং আইনের শাসন সবার জন্য সমান হতে হবে।
১৪ ফেব্রুয়ারী শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি বলেন, নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ফলাফলকে তারা স্বীকৃতি দেন এবং সাংবিধানিক প্রক্রিয়ার প্রতি সম্মান জানান। তবে নির্দিষ্ট কয়েকটি আসনে ভোট গণনা ও ফলাফল নিয়ে প্রশ্ন থাকায় আইনগত কাঠামোর মধ্যেই পুনর্গণনা ও আইনি প্রতিকারের চেষ্টা চালানো হবে বলে জানান তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, প্রায় ৪০ শতাংশ ভোট পাওয়া বাংলাদেশ জামায়াতে ইসলামী-নেতৃত্বাধীন জোট একটি শক্তিশালী জাতীয় শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে, কিন্তু বর্তমান নির্বাচন পদ্ধতিতে বিপুল ভোটের যথাযথ প্রতিফলন হচ্ছে না।
তিনি আরও বলেন, যেসব আসনে অনিয়ম, বিলম্ব বা বিরোধের অভিযোগ রয়েছে, সেখানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে তিনি বাংলাদেশ নির্বাচন কমিশনকে সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহিংসতা ও বেআইনি কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার অনুরোধ করেন।
নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে নবনির্বাচিত এমপিদের শপথ অনুষ্ঠান আয়োজন করা হবে। এছাড়া রমজানের আগেই দ্রুত শপথ সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।













