১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

যুক্তরাষ্ট্র

এনসিটি ইজারা: চট্টগ্রাম বন্দরে ফের অনির্দিষ্টকালের ধর্মঘট, সব ধরনের কার্যক্রম বন্ধ – উত্তেজনা

এনসিটি ইজারা: চট্টগ্রাম বন্দরে ফের অনির্দিষ্টকালের ধর্মঘট, সব ধরনের কার্যক্রম বন্ধ – উত্তেজনা

নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে চট্টগ্রাম বন্দরে শ্রমিক-কর্মচারীদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট দুই দিনের বিরতির পর আবারও শুরু হয়েছে। ৮ ফেব্রুয়ারি রোববার সকাল ৮টা থেকে এই কর্মসূচি শুরু হওয়ার পর থেকে বন্দরের তিনটি টার্মিনাল ও বহির্নোঙরে পণ্য ওঠানামাসহ সব ধরনের কার্যক্রম বন্ধ হয়ে গেছে।

শ্রমিকরা বন্দর এলাকার বিভিন্ন স্থানে অবস্থান নেওয়ায় পুরো এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি প্রস্তুত রাখা হয়েছে পুলিশের সাঁজোয়া যান ও জলকামান।

সকাল থেকে কোনো সংঘর্ষের খবর পাওয়া না গেলেও গতকাল শনিবার ৭ ফেব্রুয়ারী রাতে দুই শ্রমিক নেতাকে ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে বলে অভিযোগ করেছেন বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক ইব্রাহিম খোকন। তবে ডিবি বা বন্দর থানা পুলিশ এখনো গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেনি।

এদিকে সকাল সাড়ে ৯টায় বন্দরের অডিটোরিয়ামে শ্রমিকদের সঙ্গে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের একটি বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু শ্রমিক নেতারা বৈঠক বর্জনের ঘোষণা দেওয়ায় তা শুরু হতে পারেনি।

বন্দর রক্ষা পরিষদের আরেক সমন্বয়ক হুমায়ুন কবির অভিযোগ করেছেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পোর্ট কলোনি এলাকার বিভিন্ন বাসা থেকে শ্রমিকদের জোর করে তুলে বন্দর অডিটোরিয়ামে বৈঠকস্থলে নিয়ে যাচ্ছে।