নিউইয়র্কে প্রবাসী সিলেটবাসীর ঐতিহ্যবাহী সংগঠন জালালাবাদ এসাসিয়েশান অব আমেরিকার আয়োজনে যথাযথ ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২১ ফেব্রুয়ারি শনিবার, উডসাইডের গুলশান টেরেসে আয়োজিত এ মাহফিলে কমিউনিটির বিপুল সংখ্যক সদস্য, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী এবং সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জালালাবাদ এসাসিয়েশান অব আমেরিকার সভাপতি মইনুল ইসলাম-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আতাউল গনি আসাদ-এর সার্বিক সঞ্চালনায় ও কোষাধ্যক্ষ ময়নুজ্জামান চৌধুরীর সার্বিক তত্তাবধানে আয়োজিত এবারের ইফতার অনুষ্ঠানে পবিত্র রমজানের তাৎপর্য, আত্মশুদ্ধি, সংযম ও মানবিক মূল্যবোধের ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, প্রবাস জীবনের ব্যস্ততার মধ্যেও ধর্মীয় ও সামাজিক বন্ধন অটুট রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ইফতারের পূর্বে পবিত্র কোরআন তেলাওয়াত ও বিশেষ মোনাজাত পরিচালিত হয়। দোয়া মাহফিলে দেশ, জাতি এবং প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। একই সঙ্গে মহান ভাষা শহীদদের স্মরণে বিশেষ প্রার্থনা করা হয়, যেহেতু দিনটি ছিল ২১ ফেব্রুয়ারি—আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

ইফতার সমাবেশে অন্যান্যদের মধ্যৈ উপস্থিত ছিলেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও সংবাদ মাধ্যমের প্রতিনিধিগণ।

সভাপতি মইনুল ইসলাম তার বক্তব্যে বলেন, “জালালাবাদ এসোসিয়েশন সবসময় প্রবাসে ঐক্য, ভ্রাতৃত্ব ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। আমরা চাই আগামী প্রজন্ম আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির সাথে সম্পৃক্ত থাকুক।”

সংগঠনেরসাধারণ সম্পাদক আতাউল গনি আসাদ উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, “এই আয়োজন শুধু ইফতার নয়, এটি আমাদের মিলনমেলা—যেখানে আমরা ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করি।”

সুশৃঙ্খল ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। উপস্থিত অতিথিরা আয়োজকদের এমন সুন্দর ও সময়োপযোগী উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান। প্রবাসে ঐক্য, ধর্মীয় চেতনা ও সামাজিক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকল জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র এবারের ইফতার ও দোয়া মাহফিল।















