২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বাংলাদেশ

কোনও গোপন বৈঠক করিনি, ভারতীয় কূটনীতিকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয়েছে’-বললেন জামাত প্রধান

কোনও গোপন বৈঠক করিনি, ভারতীয় কূটনীতিকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয়েছে’-বললেন জামাত প্রধান

প্রেসজামাত প্রধান শফিকুর রহমানের দাবি, দুই ভারতীয় কূটনীতিকের সঙ্গে সৌজন্য সাক্ষাতের বিষয়টি তিনি প্রচারে আনতে চাইলেও নয়াদিল্লির প্রতিনিধিরা তাঁকে গোপনীয়তা বজায় রাখার অনুরোধ জানিয়েছিলেন।

সংবাদমাধ্যম রয়টার্সকে দেওয়া তাঁর সাক্ষাৎকারের একটি প্রসঙ্গ ঘিরে বুধবার থেকেই নানা জল্পনা দানা বেঁধেছিল বাংলাদেশে। বৃহস্পতিবার সকালে সমাজমাধ্যমে একটি পোস্ট করে সেই জল্পনায় জল ঢালতে সক্রিয় হলেন ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী’ (‘জামাত’ নামেই যা পরিচিত)-র আমির (প্রধান নেতা) শফিকুর রহমান।

রয়টার্সকে দেওয়া ওই সাক্ষাৎকারে শফিকুর জানিয়েছিলেন, চলতি বছরের গোড়ায় বাইপাস সার্জারির পরে এর শীর্ষস্থানীয় ভারতীয় কূটনীতিকের সঙ্গে তিনি সাক্ষাৎ করেছেন। এর পরেই তিনি বলেন, ‘‘নয়াদিল্লি এখন পরবর্তী সরকার গঠন করতে পারে এমন রাজনৈতিক দলগুলির সঙ্গে যোগাযোগ গড়ে তুলতে চাইছে।’’ জামাত বিরোধী এবং সংবাদমাধ্যমের একাংশ প্রশ্ন তোলে, তবে কি ক্ষমতার স্বাদ পেতে গোপনে নয়াদিল্লির সঙ্গেও যোগাযোগ গড়ে তুলেছেন জামাত প্রধান?

এই পরিস্থিতিতে সমাজমাধ্যমে পোস্টে শফিকুর লিখেছেন, ‘‘আন্তর্জাতিক মিডিয়া রয়টার্সকে গতকাল দেওয়া এক সাক্ষাৎকারে সাংবাদিক আমাকে জিজ্ঞেস করেন—ভারত যেহেতু আপনাদের প্রতিবেশী দেশ, তাদের সঙ্গে আপনাদের কোনও যোগাযোগ আছে কি না, কোনও কথাবার্তা বা বৈঠক হয় কি না। আমি তখন বলেছিলাম, গত বছরের মাঝামাঝি সময়ে আমি অসুস্থ হওয়ার পর চিকিৎসা শেষে যখন বাসায় ফিরি, তখন দেশ-বিদেশের অনেকেই আমার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। অন্যান্য দেশের সম্মানিত কূটনৈতিকবৃন্দ যেমন এসেছেন, তেমনি তখন ভারতের দু’জন কূটনীতিকও আমাকে দেখতে বাসায় এসেছিলেন। অন্যদের মতো তাঁদের সঙ্গেও আমার কথা হয়েছে।’’