২০১৯ সালে একটি ইমেইলে এপস্টিন লিখেছিলেন, ট্রাম্প ‘ভুক্তভোগী মেয়েদের সম্পর্কে জানতেন’ এবং ‘বহুবার এপস্টিনের বাড়িতে এসেছিলেন।’
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টিনের সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠতার নতুন তথ্য ফাঁস করলেন মার্কিন প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট সদস্যরা। বুধবার প্রকাশিত এপস্টিনের ২০১১ সালের একটি ইমেইল বলছে, ট্রাম্প এপস্টিনের যৌন নির্যাতন ও ভুক্তভোগী নারীদের বিষয়ে জানতেন। এমনকি এপস্টিনের বাড়িতে একজন নারীর সঙ্গে ‘ঘণ্টার পর ঘণ্টা সময়’ কাটিয়েছেন ট্রাম্প। ১২ নভেম্বর বুধবার মার্কিন কংগ্রেসে নতুন এক ডেমোক্র্যাট সদস্যের শপথ গ্রহণের মধ্যেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জেফরি এপস্টিনের সঙ্গে সম্পর্ক নিয়ে নতুন বিতর্ক শুরু হয়।
প্রকাশিত ইমেইলগুলো এপস্টিন, লেখক মাইকেল উলফ ও ব্রিটিশ সমাজসেবী ঘিসলেইন ম্যাক্সওয়েলের মধ্যে আদান–প্রদান করা হয়েছিল। এপস্টিনের যৌন পাচার চক্রে সহযোগিতার দায়ে ম্যাক্সওয়েল বর্তমানে ২০ বছরের কারাদণ্ড ভোগ করছেন। ২০১৯ সালে উলফকে পাঠানো একটি ইমেইলে এপস্টিন লিখেছিলেন, ট্ট্রাম্প ‘মেয়েদের সম্পর্কে জানতেন’ এবং ‘বহুবার এপস্টিনের বাড়িতে এসেছিলেন।’ আরেকটি ইমেইলে তিনি উল্লেখ করেন যে ট্রাম্প তার একজন ভুক্তভোগীর সঙ্গে ‘ঘণ্টার পর ঘণ্টা সময় কাটিয়েছিলেন’।
দিনের শেষ দিকে, রিপাবলিকানরা এপস্টিন-সম্পর্কিত প্রায় ২০ হাজার নথি প্রকাশ করে। এসব নথিতে ট্রাম্পের নাম বারবার উঠে এসেছে, তবে তার রাজনৈতিক জীবন বা যৌন আচরণের অভিযোগের পরিপ্রেক্ষিতে। একটি কথোপকথনে, এপস্টিন ১৯৯৩ সালে ‘ডোনাল্ডকে তার এক ২০ বছর বয়সী বান্ধবী দিয়েছিলেন’ বলে উল্লেখ করেন। যদিও তিনি রসিকতা করছিলেন কিনা, তা স্পষ্ট নয়।
তবে এপস্টিনের যৌন পাচারের বিষয়ে জানার কথা বরাবরই অস্বীকার করেছেন ট্রাম্প। তিনি অভিযোগ করেন, রেকর্ড ৪৩ দিনের শাটডাউন পরিস্থিতি থেকে মনোযোগ সরাতেই ডেমোক্র্যাটরা এই ইমেইলগুলো প্রকাশ করেছে।