দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে শুক্রবার (২০ মার্চ) নিউইয়র্ক সহ উত্তর আমেরিকায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। সৌদী আরবের ঘোষণার পর যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপনের সিদ্ধান্ত হয়। ঈদ উপলক্ষ্যে উত্তর আমেরিকার মুসলিম কমিউনিটিতে উৎসবের আমেজ বিরাজ করছে। ধর্মপ্রাণ মুসলিম কমিউনিটির শিশু-কিশোর সহ বয়োবৃদ্ধরাও রং বে রং এর নতুন পোশাক পড়ে সপরিবারে বিভিন্ন ঈদের জামাতগুলোতে অংশ নেন। সিটির অর্ধ শতাধিক মসজিদ আর ইসলামিক সেন্টার ছাড়াও খোলা মাঠে একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ঈদ উদযাপনের মূল অনুষ্ঠান ঈদের জামাতে ছিলো সর্বস্তরের নর-নারীর অংশগ্রহন। ঠান্ডার মধ্যেও ধর্মপ্রাণ হাজার হাজার মুসলিম সপরিবারে বিভিন্ন ঈদের জামাতে অংশ নেন।

জ্যামাইকা মুসলিম সেন্টার (জেএমসি)-এর উদ্যোগে মসজিদ ভবনে পরপর তিনটি জামাত অনুষ্ঠিত হয় যথাক্রমে সকাল ৮টা, ৯টা, ১০টায়। এতে ১০/১২ হাজার নর-নারী ঈদের জামাতে অংশ নেন বলে সংশ্লিস্টরা দাবী করেন। সিটির মেয়র জোহরান মামদানী, সিটি কাউন্সিলের স্পীকার জুলি মেনিন, স্থানীয় কাউন্সিলম্যান জিম এফ জিনারো এবং কুইন্স পুলিশ বিভাগের কর্মকর্তারা ঈদের জামাতের আগে শুভেচ্ছা বক্তব্য রাখেন। এছাড়াও আসন্ন ষ্টেট নির্বাচনে সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা জেএমসিতে এসে ঈদেও শুভেচ্ছা বিনিময় করেন এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন। ঈদের নামাজ আদায় শেষে বিশেষ মুনাজাতে মহান আল্লাহতায়ালার দরবারে সমগ্র মুসলিম জাহান তথা মানব জাতির সুখ-সমৃদ্ধি কামনা, যুদ্ধ নয় শান্তি এবং ফিলিস্তিনী সহ বাংলাদেশের জন্য বিশেষ দোয়া করা হয়।

জেএমসি’র তিনটি জামাতে সর্বস্তরের হাজার হাজার শিশু-কিশোর-কিশোরী, নর-নারী এবং বয়োবৃদ্ধরাও অংশ নেন। ভবনের অভ্যন্তর সহ জেএমসি সংলগ্ন ১৬৮ স্ট্রীট তথা জেএমসি ওয়ের উপর খোলা রাস্তায়ও অনেকে নামাজ আদায় করেন। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সাথে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

জেএমসিতে প্রথম জামাতে ইমামতি করেন জেএমসি’র ইমাম ও খতিব মির্জা আবু জাফর বেগ, দ্বিতীয় জামাতে ইমামতি করেন জেএমসি’র অন্যতম পরিচালক ইমাম শামসে আলী এবং তৃতীয় জামাতে ইমামতি করেন হাফেজ মুজাহিদুল ইসলাম। এসময় জেএমসি পরিচালনা কমিটির সভাপতি ডা. নাজমুল এইচ খান ও ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান ডা. মাহমুদুর রহমান তুহিন বক্তব্য রাখেন। পরিচালনা করেন জেএমসি’র সেক্রেটারী ফখরুল ইসলাম দেলোয়ার। এসময় জেএমসি’র অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নামাজ শেষে মুসল্লিদের মাঝে হালকা খাবারও পরিবেশন করা হয়।

আমেরিকা মুসলিম সেন্টার : জ্যামাইকার আমেরিকা মুসলি সেন্টার (এএমসি)’র উদ্যোগে ঈদের ৫টি জামাত অনুষ্ঠিত হয় এএমসি ভবনে। প্রথম জামাত সকাল সাড়ে ৭টায়, দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮টায়, তৃতীয় জামাত সকাল সাড়ে ৯টায়, চতুর্থ জামাত সকাল সাড়ে ১০টায় এবং পঞ্চম জামাত বেলা সোয়া ১১টায় অনুষ্ঠিত হয়। এএমসি’র ঘোষণা অনুযায়ী দ্বিতীয় ও তৃতীয় জামাত স্থানীয় রুফস কিং পার্কে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ঠান্ডা জনিত কারণে পার্কের স্থলে মসজিদ ভবনেই জামাত অনুষ্ঠিত হয়। এজন্য পূর্ব ঘোষণা না থাকায় অনেক মসল্লী পার্কে এসে বিভ্রান্তির মধ্যে পড়লেও তারা মসজিদে এসে নামাজ আদায় করেন। এব্যাপারে এএমসি’র অন্যতম প্রতিষ্ঠাতা হাফেজ রফিকুল ইসলাম জানান, আমরা পার্কে নামাজ আদায়ের জন্য অনুমতিও পেয়ছিলাম। কিন্তু ঠান্ডার কারণে সেখানে নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়নি। তবে এতে যারা অসুবিধার সম্মুখিন হয়েছেন তাদের কাছে দু:খ প্রকাশ করেন তিনি।

মসজিদ মিশন : নিউইয়র্কে হাজী ক্যাম্প মসজিদ হিসেবে পরিচিত জ্যামাইকার মসজিদ মিশন-এর উদ্যোগে ঈদের তিনটি জামাত অনুষ্ঠিত হয় যথাক্রমে সকাল সাড়ে ৭টায়, সকাল সাড়ে ৮টায় ও সকাল পৌন ১০টায়।

আল আরাফা ইসলামিক সেন্টার : জ্যামাইকার অন্যতম বৃহৎ মসজিদ আল আরাফা ইসলামিক সেন্টারের উদ্যোগে মসজিদ ভবনে ঈদের তিন জামাত অনুষ্ঠিত হয় যথাক্রমে সকাল ৭টায়, সকাল ৮টায় এবং সকাল ৯টায় অনুষ্ঠিত হয়। শীত ও ঠান্ডা জনিত কারণে এবছর স্থানীয় সুজান বি অ্যান্থনির মাঠে ঈদ জামাত আয়োজন করা হয়নি বলে সংশ্লিস্টরা জানান।

মদিনা মসজিদ : সিটির অন্যতম পুরাতন মসজিদ ম্যানহাটানের ‘মদিনা মসজিদ’ হিসেবে পরিচিত ইসলামিক সেন্টার অব আমেরিকা’র উদ্যোগে মসজিদ ভবনে ঈদের ২টি জামাত হয় যথাক্রমে সকাল সাড়ে ৮টায় ও সকাল সোয়া ৯টায়।

এস্টোরিয়ার আল আমিন জামে মসজিদ : এস্টোরিয়ার আল আমিন জামে মসজিদ ও ইসলামিক সেন্টারের উদ্যোগে ঈদের জামাত অনুষ্ঠিত হয় মসজিদ সংলগ্ন ৩৬ স্ট্রিটে খোলা রাস্তায় সকাল সাড়ে আটটায়।
মুনা সেন্টার অব নিউইয়র্ক : ওজনপার্কের অন্যতম বৃহৎ মসজিদ মুনা সেন্টার অব নিউইয়র্ক-এর উদ্যোগে নিজস্ব মসজিদ ভবনে দু’টি ঈদের জামাত হয় ২টি যথাক্রমে সকাল সাড়ে ৮টা ও সকাল সাড়ে ৯টায়।

বায়তুল মামুর জামে মসজিদ : ওজনপার্কের বায়তুল মামুর জামে মসজিদ এন্ড কমিউনিটি সেন্টারে ঈদের একটি জামাত হয় সকাল ৮টায়।
পার্কচেষ্টার জামে মসজিদ : ব্রঙ্কসের অন্যতম পার্কচেষ্টার জামে মসজিদে ঈদের দুটি জামাত হয়ে যথাক্রমে সকাল ৮টা ও সকাল ৯টায়।

বাংলাবাজার জামে মসজিদ : ব্রঙ্কসের বাংলাবাজার জামে মসজিদের উদ্যোগে ঈদুল ফিতরের ২টি জামাত অনুষ্ঠিত হয় স্থানীয় পিএস ১০৬ স্কুলের প্লে গ্রাউন্ডে যথাক্রমে সকাল সোয়া ৮টায় ও সকাল ৯টায়।
বাংলাদেশ মুসলিম সেন্টার : ব্রুকলীনের অন্যতম বৃহৎ মসজিদ বাংলাদেশ মুসলিম সেন্টারে ঈদের একটি জামাত হয় সকাল সাড়ে ৮টায়।

বায়তুল জান্নাহ জামে মসজিদ : ব্রুকলীনের বায়তুল জান্নাহ জামে মসজিদ এন্ড মুসলিম কমিউনিটি সেন্টারের উদ্যোগে স্থানীয় ৫৬৯ ম্যাকডোনাল্ড এভিনিউতে খোলা রাস্তায় একটি ঈদের নামাজ অনুষ্ঠিত হয় সকাল সাড়ে নয়টায়।
দারুস সালাম মসজিদ : জ্যামাইকার দারুস সালাম মসজিদে ঈদের ৪টি জামাত অনুষ্ঠিত হয়। প্রথম জামাত সকাল ৭.৩০ মিনিটে, দ্বিতীয় জামাত ৮.৩০ মিনিকে, তৃতীয় জামাত ৯.৩০ মিনিটে এবং চতুর্থ জামাত সকাল ১০.৩০ মিনিটে অনুষ্ঠিত হয়। দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ জামাতে মহিলাদের নামাজ আদায়ের বিশেষ ব্যবস্থা ছিলো।

রিয়াজুল জান্নাহ ইসলামিক সেন্টার : সাউথ জ্যামাইকার রিয়াজুল জান্নাহ ইসলামিক সেন্টার ইনকের উদ্যোগে সকাল সাড়ে ৮টায় স্থানীয় পিএস ৪৮ স্কুল গ্রাউন্ডে একটি ঈদের জামাত হয়।
মসজিদ ইয়াসীন : কুইন্স ভিলেজের মসজিদ ইয়াসীনে দুটি ঈদের জামাত হয় যথাক্রমে সকাল সাড়ে ৮টা ও সাড়ে ৯টায়।

আল কুবা ইসলামিক সেন্টার : আল কুবা ইসলামিক সেন্টার অব জ্যামাইকার উদ্যোগে মসজিদের ভিতরে একটি ঈদের জামাত হয় সকাল আটটায়।
নিউইয়র্ক ঈদগাঁহ : জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় নিউইয়র্ক ঈদগাঁহ’র উদ্যোগে ঈদের পাঁচটি জামাত অনুষ্ঠিত হয়। প্রথম জামাত সকাল সাড়ে সাতটায়, দ্বিতীয় জামাত আটটায়, তৃতীয় জামাত নয়টায়, চতুর্থ জামাত দশটায় এবং পঞ্চম জামাত বেলা ১১টায় অনুষ্ঠিত হয়।

জ্যাকসন হাইটসের মুনা সেন্টার : জ্যাকসন হাইটসের মুনা সেন্টার (মসজিদ নামিরাহ)-এ ঈদুল ফিতর এর একটি জামাত মসজিদের পাশে খোলা আকাশের নিচে রাস্তায় অনুষ্ঠিত হয় সকাল ৮:৩০ মিনিটে।
ইস্ট এলমহার্স্ট জামে মসজিদ : ইস্ট এলমহার্স্ট জামে মসজিদ এন্ড মুসলিম সেন্টারের উদ্যোগে খোলা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

উডসাইড মসজিদ : উডসাইড বায়তুল জান্নাহ মসজিদে ঈদুল ফিতরের তিনটি জামাত অনুষ্ঠিত হয়। প্রথম জামাত হবে সকাল সাড়ে ৭টায়, দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮টায় এবং তৃতীয় জামাত সকাল পোনে ১০টায় অনুষ্ঠিত হয়। শেষ জামাতে মহিলাদের অংশগ্রহণের সুযোগ ছিলো।
আল ফরুকান মসজিদ : ওজনপার্কের আল ফরুকান মসজিদের উদ্যোগে ঈদের নামাজ হয় স্থানীয় ৭৭ অ্যান্ড গ্ল্যানেমার অ্যাভিনিউতে। এখানে দুটি জামাত অনুষ্ঠিত হয় যথাক্রমে সকাল আটটায় ও সকাল নয়টায়।

দারুল জান্নাহ মসজিদ : ব্রুকলীনের দারুল জান্নাহ মসজিদ ও ইসলামিক সেন্টারের উদ্যোগে স্থানীয় সি অ্যাভিনিউতে ঈদের জামাত হয় চারটি। প্রথম জামাত সকাল সোয়া সাতটায়, দ্বিতীয় জামাত সকাল সাতটা ৪৫ মিনিটে, তৃতীয় জামাত সকাল সোয়া আটটায় এবং চতুর্থ জামাত সকাল নয়টায় অনুষ্ঠিত হয় বলে জানা গেছে।
নর্থ ব্রঙ্কস ইসলামিক সেন্টার : নর্থ ব্রঙ্কস ইসলামিক সেন্টারের উদ্যোগে ঈদের জামাত হয় সকাল ৯টায় স্থানীয় ওভাল পার্কে।

এছাড়াও নিউইয়র্ক সিটির বেলাল মসজিদ, জ্যাকসন হাইটসের আল নূর ইসলামিক সেন্টার, নর্থ ব্রঙ্কস ইসলামিক সেন্টার, ইকনা প্রভৃতি মসজিদের উদ্যোগের ঈদের জামাত অনুষ্ঠিত হয় বলে জানা গেছে।
অপরদিকে ওয়াশিংটন ডিসিসহ বাংলাদেশী অধ্যুষিত যুক্তরাষ্ট্রের নিউজার্সী, কানেকটিকাট, ম্যারিল্যান্ড, পেনসেলভেনিয়া, ভার্জেনিয়া, ওয়াহিও, ফ্লোরিডা, নর্থ ক্যারোরিনা, সাউথ ক্যারোলিনা, জর্জিয়া, মিশিগান, ক্যালিফোর্নিয়া, টেক্সাস, অ্যারিজোনা প্রভৃতি স্টেটে ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে রোববার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হওয়ার খবর পাওয়া গেছে। -খবর ইউএনএ














