নিজের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে পোস্ট করা একটি ভিডিওতে বারাক ও মিশেল ওবামাকে বর্ণবাদী কায়দায় ‘বানর’ রূপে দেখানোর ঘটনায় সেটির নিন্দা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ জন্য তিনি দুঃখপ্রকাশ বা ক্ষমা চাননি।
আফ্রিকান বংশোদ্ভূত মানুষের প্রতি অবমাননাকর উপস্থাপনার অভিযোগে ভিডিওটি ঘিরে দ্রুত সমালোচনা শুরু হয়। শুক্রবার হোয়াইট হাউস প্রথমে পোস্টটির পক্ষে অবস্থান নিলেও প্রকাশের প্রায় ১২ ঘণ্টা পর সেটি সরিয়ে নেওয়া হয়।
গত ৫ ফেব্রুয়ারী বৃহস্পতিবার রাতে ট্রাম্পের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে শেয়ার করা এক মিনিটের ওই ভিডিওতে ২০২০ সালের নির্বাচনে তার পরাজয়কে ‘জালিয়াতির ফল’ বলে দাবি করা হয়। ভিডিওর শেষ অংশে দেখা যায়, কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) তৈরি ছোট একটি ক্লিপে নাচতে থাকা বানরের শরীরে ওবামা দম্পতির মুখ বসানো হয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে সাংবাদিকদের ট্রাম্প বলেন, হোয়াইট হাউসের এক সহকারী তার অ্যাকাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করেন। তবে প্রকাশের আগে তিনি পুরোটা দেখেননি।
তিনি বলেন, ‘আমি পুরোটা দেখিনি। প্রথম অংশ দেখেছিলাম, সেখানে ভোটিং মেশিনে জালিয়াতির কথা ছিল—কতটা দুর্নীতিগ্রস্ত ও নোংরা। তারপর আমি সেটি সংশ্লিষ্টদের দিয়েছিলাম। সাধারণত তারা পুরোটা দেখেন। কিন্তু মনে হয়, এবার কেউই সেটা করেননি।’
ওই ক্লিপের নিন্দা করেন কি না জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘অবশ্যই করি।’ তবে দুঃখপ্রকাশে অস্বীকৃতি জানিয়ে তিনি বলেন, ‘আমি কোনো ভুল করিনি। আমি হাজার হাজার জিনিস দেখি।’ ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির কৃষ্ণাঙ্গ সিনেটর টিম স্কট পোস্টটি সরিয়ে ফেলার আহ্বান জানিয়ে বলেন, এটি ‘বর্তমান হোয়াইট হাউস থেকে আসা সবচেয়ে বর্ণবাদী বিষয়।’
প্রথমে হোয়াইট হাউস ভিডিওটিকে ‘ইন্টারনেট মিম’ বলে সমালোচকদের ‘ভুয়া ক্ষোভ’ প্রকাশ বন্ধ করতে বলে। পরে তীব্র সমালোচনার মুখে ট্রাম্পের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্ট থেকে পোস্টটি সরিয়ে নেওয়া হয়। হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান, একজন কর্মী ‘ভুলবশত’ ভিডিওটি পোস্ট করেছিলেন।
ক্লিপটিতে কৃষ্ণাঙ্গদের বানরের সঙ্গে তুলনা করে পুরোনো বর্ণবাদী ক্যারিকেচারের প্রতিফলন দেখা গেছে। ধারণা করা হচ্ছে, ভিডিওটি ‘জেরিয়াস’ নামের এক রক্ষণশীল মিম নির্মাতার অক্টোবরে দেওয়া একটি এক্স পোস্ট থেকে নেওয়া।
ভিডিওতে নিউইয়র্কের রিপ্রেজেন্টেটিভ আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্তেজ, নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনসহ আরও কয়েকজন ডেমোক্র্যাট নেতাকে পশু হিসেবে দেখানো হয়েছে। একইভাবে ট্রাম্পের পূর্বসূরি জো বাইডেনকেও কলা খেতে থাকা বানর হিসেবে উপস্থাপন করা হয়েছে।














