বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের দামে ভয়াবহ ধস নেমেছে। গতকাল বৃহস্পতিবার এক ধাক্কায় বিটকয়েনের দাম কমে দাঁড়িয়েছে ৬৩ হাজার ২৯৫ ডলারে, যা ২০২৪ সালের অক্টোবরের পর সর্বনিম্ন। গত ২৪ ঘণ্টায় বিটকয়েনের বাজারমূল্য প্রায় ১২ দশমিক ৬ শতাংশ হ্রাস পেয়েছে, যা ২০২২ সালের নভেম্বরের পর এক দিনে সর্বোচ্চ পতন।
ক্রিপ্টো বাজারের তথ্য সরবরাহকারী সংস্থা কয়েনগ্লাসের মতে, গত ২৪ ঘণ্টায় বাজারে প্রায় ১০০ কোটি (১ বিলিয়ন) ডলারের বিটকয়েন পজিশন লিকুইডেট বা হাতছাড়া হয়েছে। সামগ্রিকভাবে গত বছরের অক্টোবরে ক্রিপ্টো বাজার যখন ৪ দশমিক ৩৭৯ ট্রিলিয়ন ডলারের শিখরে ছিল, সেখান থেকে এ পর্যন্ত প্রায় ২ ট্রিলিয়ন ডলারের বাজারমূল্য উধাও হয়ে গেছে। শুধু গত এক মাসেই বিনিয়োগকারীরা হারিয়েছেন ৮০০ বিলিয়ন ডলার।
বিটকয়েনের পাশাপাশি দ্বিতীয় বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি ইথারের দামও ১৩ শতাংশের বেশি কমে ১ হাজার ৮৫৪ ডলারে নেমে এসেছে। চলতি বছরে এ পর্যন্ত ইথারের দাম কমেছে প্রায় ৩৮ শতাংশ।
বাজার বিশ্লেষকদের মতে, এই ধসের পেছনে বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ কাজ করছে:
১. প্রযুক্তি শেয়ার ও মূল্যবান ধাতুর পতন: আন্তর্জাতিক বাজারে সোনা ও রুপার দামের অস্থিরতা এবং প্রযুক্তি খাতের শেয়ারের ব্যাপক বিক্রির প্রভাব পড়েছে ক্রিপ্টো বাজারে। এসঅ্যান্ডপি ৫০০ এবং নাসডাক সূচক উল্লেখযোগ্যভাবে নিচে নেমে যাওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে ঝুঁকি নেওয়ার প্রবণতা কমেছে।