১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বাংলাদেশ

গাজায় ট্রাম্প প্রস্তাবিত আন্তর্জাতিক বাহিনীতে যোগ দিতে চায় বাংলাদেশ

গাজায় ট্রাম্প প্রস্তাবিত আন্তর্জাতিক বাহিনীতে যোগ দিতে চায় বাংলাদেশ

ফিলিস্তিনের গাজায় স্থিতিশীলতা ফেরাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রও এই বিষয়ে বাংলাদেশের সঙ্গে একযোগে কাজ করার আগ্রহ দেখিয়েছে।

সম্প্রতি ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক আন্ডার-সেক্রেটারি অব স্টেট আলিসন হুকার ও সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে এক বৈঠকে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এই আগ্রহের কথা জানান। প্রধান উপদেষ্টার প্রেস উইং শনিবার এ তথ্য জানিয়েছে।

তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্র প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। বৈঠকে দুপক্ষের মধ্যে আলোচনায় বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য ভিসা সহজ করা ছাড়াও রোহিঙ্গা ও বাংলাদেশের আসন্ন নির্বাচনের বিষয় উঠে এসেছে।

যুক্তরাষ্ট্র সম্প্রতি ভিসা বন্ড বাধ্যতামূলক করে যেসব দেশের নাম নতুন করে তালিকাভুক্ত করেছে তার মধ্যে বাংলাদেশও আছে। বাংলাদেশি আবেদনকারীদের জন্য এ নিয়ম ২১ জানুয়ারি থেকেই কার্যকর হওয়ার কথা। তবে এসব কিছুর মধ্যে গাজায় ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত বাহিনীতে বাংলাদেশ যোগ দিতে আগ্রহী—সরকারের তরফ থেকে এ প্রস্তাব দেওয়ার পর এ নিয়ে নানা ধরনের আলোচনা শুরু হয়েছে। বিশ্লেষকদের কেউ কেউ বলছেন, কীসের ভিত্তিতে সরকার এই আগ্রহ প্রকাশ করল, সেটি বিস্তারিত জানালে বিষয়টি পরিষ্কার হবে।

সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বিবিসি বাংলাকে বলেন, বিশ্বজুড়ে এখন যে টালমাটাল পরিস্থিতি চলছে সে আলোকে ট্রাম্প প্রশাসনের সঙ্গে বাংলাদেশ আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে চায়- এমন ইঙ্গিত হয়তো সরকার এ আগ্রহ মাধ্যমে প্রকাশ করেছে।

“বাংলাদেশ সাধারণত জাতিসংঘের আওতাভুক্ত শান্তিরক্ষা কার্যক্রমে অংশ করে থাকে এবং যুক্তরাষ্ট্রের উদ্যোগে হলেও গাজায় জাতিসংঘের আওতায় এই ফোর্স গঠিত হলে তাতে বাংলাদেশের জড়িত হতে আগ্রহী হতেই পারে,” বলেন তিনি।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাহাব এনাম খান বলছেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত এ বাহিনীতে যুক্ত হতে বাংলাদেশের দিক থেকে নেতিবাচক কিছু নেই বলেই মনে করেন তিনি।