


বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে গত ৮ দিনে বিশ্বের বিভিন্ন দেশে ২ লাখ ৯৩ হাজার ১৪৭ জন প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় এবং গত সাত দিনে বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী ভোটারদের কাছে এই পোস্টাল ব্যালট প্রেরণ করা হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন প্রবাসী ভোটার নিবন্ধনবিষয়ক আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের ‘টিম লিডার’ সালীম আহমাদ খান।
তিনি বলেন, দেশের মধ্যে ইন-কান্ট্রি পোস্টাল ভোটের নিবন্ধনের সংখ্যা বাড়বে এবং আমরা আশা করছি, দেশের সরকারি চাকরিজীবী, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তিবর্গ ও আইনি হেফাজতে থাকা ভোটারদের নিবন্ধনের সংখ্যা ১০ লাখে পৌঁছাতে পারে।
নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, শুক্রবার বিশ্বের বিভিন্ন দেশের মোট ৫৭ হাজার ৩৬০ জন প্রবাসীর কাছে পোস্টাল ব্যালট প্রেরণ করা হয়েছে। এর মধ্যে সৌদি আরবে সর্বোচ্চ ২২ হাজার পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতে ১০ হাজার ৯৯৯টি, যুক্তরাজ্যে ৩ হাজার ৫০০টি, কুয়েতে ৯০০টি এবং সৌদি আরবে ১৭ হাজার ৫০০টি পোস্টাল ব্যালট প্রেরণ করা হয়। সব মিলিয়ে গত ৮ দিনে মোট ২ লাখ ৯৩ হাজার ১৪৭টি পোস্টাল ব্যালট প্রেরণ করা হয়েছে বলে ইসি কর্মকর্তারা জানিয়েছেন।
এদিকে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ভোট দিতে এ পর্যন্ত ৮ লাখ ৮৭২ জন ভোটার নিবন্ধন করেছেন। প্রবাসী বাংলাদেশি ছাড়াও নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী এবং নিজ এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীরা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করছেন।
শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর সোয়া ২টা পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটের সর্বশেষ তথ্য অনুযায়ী ৮ লাখ ৮৭২ জন ভোটার নিবন্ধন করেছেন। নিবন্ধনকারীদের মধ্যে পুরুষ ভোটার ৭ লাখ ২৮ হাজার ৬১৭ জন এবং নারী ভোটার ৭২ হাজার ২৫৩ জন।
প্রবাসী ভোটারদের মধ্যে সৌদি আরব থেকে নিবন্ধন করেছেন ১ লাখ ৬২ হাজার ৯৯৩ জন, যা সর্বোচ্চ। এছাড়া কাতারে ৫৯ হাজার ৫৮২, ওমানে ৪৬ হাজার ১৪৩, মালয়েশিয়ায় ৪৩ হাজার ৮২৯, সংযুক্ত আরব আমিরাতে ৩০ হাজার ৮৭৪ এবং যুক্তরাষ্ট্রে ২৬ হাজার ৭৩ জন ভোটার নিবন্ধন করেছেন। দেশের ভেতরে ‘ইন-কান্ট্রি পোস্টাল ভোট’ ক্যাটাগরিতে নিবন্ধন করেছেন ২ লাখ ৪৪ হাজার ৬৬১ জন ভোটার।
জেলাভিত্তিক শীর্ষে রয়েছে কুমিল্লা- ৭১ হাজার ১৪৩ জন, ঢাকা- ৬৩ হাজার ৫৯৫, চট্টগ্রাম- ৬১ হাজার ৭০৩, নোয়াখালী- ৪০ হাজার ৭৪১, সিলেট- ৩০ হাজার ৮৯ এবং চাঁদপুর- ২৮ হাজার ৩১৫ জন।
আসনভিত্তিক শীর্ষে ফেনী-৩ আসনে ১১ হাজার ৭৯৩ জন নিবন্ধন করেছেন। চট্টগ্রাম-১৫-তে ৯ হাজার ৮১১, কুমিল্লা-১০-এ ৯ হাজার ৪৬৬ এবং নোয়াখালী-১ আসনে ৯ হাজার ৩৬৫ জন নিবন্ধন করেছেন।
প্রবাসী ভোটার, সরকারি চাকরিজীবী, নির্বাচনী দায়িত্বে থাকা ব্যক্তি এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ৩১ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন করতে পারবেন। ইসি বুধবার এই সময়সীমা বৃদ্ধি করেছে। ১৮ নভেম্বর উদ্বোধন হওয়া এই অ্যাপের মাধ্যমে ১৪৮টি দেশ থেকে প্রবাসীরা নিবন্ধন করতে পারবেন। নিবন্ধনের জন্য প্রবাসী ভোটারদের অবশ্যই সংশ্লিষ্ট দেশের মোবাইল নম্বর ব্যবহার করতে হবে।













