৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রুকলিনে ইডিপির কম্পিউটার বেসিক কোর্সের দু বছর পূর্তি

নিউইয়র্ক সিটির ব্রুকলিনে ইডিপির কম্পিউটার বেসিক কোর্সের দু বছর পূর্ণ হলো গতকাল।
নিউইয়র্কে প্রবাসী কমিউনিটির দক্ষতা উন্নয়নের লক্ষ্যে এমপাওয়ারিং ডেভেলপমেন্ট প্রজেক্ট (EDP)–এর উদ্যোগে কম্পিউটার বেসিক কোর্স আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছিল ১ মার্চ ২০২৪। উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় কোম্পানীগঞ্জ সোসাইটি ভবন, ব্রুকলিন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র এ।

এই গুরুত্বপূর্ণ কোর্সের উদ্বোধন করেন শাহানা হানিফ, নিউইয়র্ক সিটি কাউন্সিল, ডিস্ট্রিক্ট–৩৯, ব্রুকলিন। উদ্বোধনী বক্তব্যে তিনি ইডিপির ধারাবাহিক সমাজসেবামূলক কার্যক্রমের প্রশংসা করেন এবং প্রবাসী নারী ও তরুণদের প্রযুক্তিগত দক্ষতা অর্জনে এ ধরনের প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন।

২০১৫ সালে প্রতিষ্ঠিত এমপাওয়ারিং ডেভেলপমেন্ট প্রজেক্ট (EDP) শুরু থেকেই অভিবাসী মানুষের পাশে থেকে কাজ করে আসছে। জার্নির শুরু জ্যাকসন হাইটস ও এলমার্স্ট দিয়ে হলেও সময়ের সঙ্গে সঙ্গে ইডিপির কার্যক্রম বিস্তৃত হয়েছে ব্রুকলিনসহ নিউইয়র্কের বিভিন্ন এলাকায়। শিক্ষা, প্রশিক্ষণ ও ক্ষমতায়নের এই পথচলায় ইডিপির কাজ কখনো থেমে থাকেনি, বরং নতুন নতুন উদ্যোগে আরও এগিয়ে চলেছে।

কম্পিউটার বেসিক কোর্সটি অংশগ্রহণকারীদের দৈনন্দিন জীবনে প্রযুক্তি ব্যবহারে আত্মবিশ্বাসী করে তুলবে, কর্মসংস্থানের সুযোগ বাড়াবে এবং প্রবাসী সমাজে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এমন প্রত্যাশাই ব্যক্ত করেন আয়োজকরা।
প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী পরিচালক আম্বিয়া বেগম বলেন ইডিপির অগ্রযাত্রা অব্যাহত, কারণ উন্নয়নের পথে থেমে থাকা নয়, এগিয়ে চলাই আমাদের অঙ্গীকার।