১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বাংলাদেশ

সুষ্ঠু নির্বাচন হলে বাংলাদেশে জামায়াত জিততে পারবে না বললেন সাবেক ভারতীয় হাইকমিশনার শ্রিংলা

সুষ্ঠু নির্বাচন হলে বাংলাদেশে জামায়াত জিততে পারবে না বললেন সাবেক ভারতীয় হাইকমিশনার শ্রিংলা

ভারতের সাবেক পররাষ্ট্র সচিব ও বর্তমান রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা মন্তব্য করেছেন, বাংলাদেশে আসন্ন নির্বাচনে অনিয়ম না হলে জামায়াতে ইসলামী কখনোই ক্ষমতায় আসতে পারবে না। তার দাবি, সুষ্ঠু ও অবাধ নির্বাচনে দলটি অতীতে যেমন জিততে পারেনি, ভবিষ্যতেও পারবে না।

শুক্রবার (২৩ জানুয়ারি) পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সাবেক ভারতের হাইকমিশনার শ্রিংলা বলেন, “কেউ তাদের আগে নিয়ে আসছে। তারপরও নির্বাচনে অনিয়ম হলেই তারা ক্ষমতায় আসতে পারবে, নইলে অসম্ভব।”

তিনি আরও দাবি করেন, জামায়াতে ইসলামী কখনোই ‘ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনে’ উল্লেখযোগ্য সাফল্য পায়নি। অতীতে দলটি পাঁচ থেকে সাত শতাংশের বেশি ভোট পায়নি বলেও তিনি উল্লেখ করেন। তার ভাষ্য অনুযায়ী, জামায়াতের তেমন জনসমর্থন নেই।

বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে শ্রিংলা বলেন, ভারতের পক্ষ থেকে বরাবরই বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলা হয়েছে, যেখানে সব রাজনৈতিক দল অংশ নিতে পারবে। তবে বর্তমান পরিস্থিতিতে তিনি তেমন পরিবেশ দেখছেন না বলেও মন্তব্য করেন। তার মতে, নির্বাচন আদৌ হবে কি না এবং হলেও কী পরিস্থিতিতে হবে—এ নিয়ে অনিশ্চয়তা ও নিরাপত্তা উদ্বেগ রয়েছে।

বাংলাদেশের ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েও মন্তব্য করেন শ্রিংলা। তিনি বলেন, বাংলাদেশে দায়িত্ব পালনকালে তার অনেক বন্ধুর সঙ্গে কথা হয়েছে এবং তারা মনে করেন, এ সিদ্ধান্ত বড় ভুল। তার ভাষ্য অনুযায়ী, বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন; জনগণের ভোটে নির্বাচিত নয়। এমন একটি সরকার দেশের খেলাধুলার ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়া ঠিক নয় বলেও তিনি মত দেন।