


‘শান্তি পুরস্কার’ নামের নতুন এক বার্ষিক পুরস্কার দেওয়ার পন্থা চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। প্রথমবার এই পুরস্কারটি জিতে নিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে এই পুরস্কার তুলে দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির জন এফ কেনেডি সেন্টারে চলছে ২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠান। যদিও মূলপর্বে এখনো শুরু হয়নি।
সাংস্কৃতিক অনুষ্ঠানের পর দেওয়া হলো শান্তি পুরস্কার। ফিফার ভাষায় শান্তির জন্য অসাধারণ ও ব্যতিক্রমী পদক্ষেপ নেওয়া এবং বিশ্বের মানুষের মধ্যে ঐক্য গড়ে তোলা লোকই পাবেন এই পুরস্কার। সেই বিবেচনায় এবার শান্তি পুরস্কার পেলেন ট্রাম্প।
পুরস্কার পেয়ে ট্রাম্প বলেন, এটি সত্যিই আমার জীবনের অন্যতম সেরা সম্মাননা। আমরা লাখ লাখ মানুষের জীবন বাঁচিয়েছি—উদাহরণ হিসেবে কঙ্গো, যেখানে ১ কোটি মানুষ মারা গিয়েছিল এবং পরিস্থিতি খুব দ্রুতই আরও ১ কোটি মৃত্যুর দিকে যাচ্ছিল। ভারত ও পাকিস্তানের ক্ষেত্রেও আমরা যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগেই তা থামাতে পেরেছি। ট্রাম্প আরও বলেন, জিয়ান্নি (ফিফা সভাপতি) অসাধারণ কাজ করেছে, টিকিট বিক্রিতে নতুন রেকর্ড গড়েছে।
ফুটবল অথবা যেটাকে আমরা ‘সকার’ বলি—এর জন্য এটি সুন্দর এক স্বীকৃতি। এখন পৃথিবী আরও নিরাপদ। এক বছর আগেও যুক্তরাষ্ট্র ভালো অবস্থায় ছিল না, আর এখন আমরা বিশ্বের সবচেয়ে আলোচিত দেশ।
ফুটবলের নাম বদলানোর প্রস্তাব ট্রাম্পের : ২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত ড্র-এর অনুষ্ঠানে এক চমকপ্রদ মন্তব্য করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মতে, যুক্তরাষ্ট্রে ‘সকার’ নামে পরিচিত হলেও সারা বিশ্বের মতো তার দেশেও খেলাটির নাম হওয়া উচিত ‘ফুটবল’। আর সে জন্য আমেরিকার জনপ্রিয় ন্যাশনাল ফুটবল লিগ (এনএফএল)-এর নতুন নাম খুঁজে বের করা দরকার।
শুক্রবার (০৫ ডিসেম্বর) ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে অনুষ্ঠিত ড্র অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ‘বিশ্বজুড়ে ফুটবল মানেই যে খেলা আমরা সকার বলি, সেই খেলাটার সঙ্গেই নামটা মানায়।
অথচ শুধু যুক্তরাষ্ট্রে ফুটবল নামে আছে আরেকটা খেলা। ভাবলে তো মনে হয় এনএফএল-এর অন্য নাম হওয়া উচিত। এটা ঠিক মনে হয় না।’ এক শতাব্দীরও বেশি সময় ধরে এনএফএল নামটি প্রচলিত।
১৯২২ সালে ‘আমেরিকান প্রফেশনাল ফুটবল অ্যাসোসিয়েশন’ থেকে লিগটির নামকরণ করা হয় ‘ন্যাশনাল ফুটবল লিগ’। এখন সেই ঐতিহ্যবাহী নামই বদলে ফেলার প্রস্তাব দিয়েছেন সাবেক প্রেসিডেন্ট।
বিশ্বজুড়ে বিভ্রান্তি এড়াতে সাধারণত যুক্তরাষ্ট্রের খেলাটিকে বলা হয় ‘আমেরিকান ফুটবল’। যেখানে মাত্র একজন খেলোয়াড় বল কিক করেন; বিপরীতে ফুটবলে (সকারে) প্রায় সবাই বল পায়ে খেলেন।
উল্লেখ্য, ১৯ শতকে ইংল্যান্ডে ‘অ্যাসোসিয়েশন ফুটবল’ ও ‘রাগবি ফুটবল’কে আলাদা করে চিনতে ‘সকার’ শব্দটির জন্ম হয়েছিল।
২০২৬ বিশ্বকাপ আয়োজিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয়। এই আসরের ড্র–মঞ্চে দাঁড়িয়েই নামবদলের এই প্রস্তাব দেন ট্রাম্প।













