২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আর্ন্তজাতিক

চীন, ভারতসহ ১৬ অর্থনীতির ওপর নতুন শুল্ক আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

চীন, ভারতসহ ১৬ অর্থনীতির ওপর নতুন শুল্ক আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

রাষ্ট্রীয় ভর্তুকির কারণে অতিরিক্ত শিল্প উৎপাদন ও কম দামে পণ্য রপ্তানির অভিযোগে চীন, ইউরোপীয় ইউনিয়নসহ ১৬টি অর্থনীতির ওপর নতুন করে শুল্ক আরোপের পরিকল্পনা করছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। আগামী কয়েক দিনের মধ্যে এ বিষয়ে ঘোষণা আসতে পারে বলে সংশ্লিষ্ট বিষয়ে অবগত দুই ব্যক্তি জানিয়েছেন।

তবে নতুন শুল্ক কার্যকরের সময়সূচি পরিবর্তিত হতে পারে। প্রকাশ্যে মন্তব্য করার অনুমতি না থাকায় ওই দুই ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে কথা বলেছেন। এ বিষয়ে হোয়াইট হাউস ও ইউএসটিআর কোনো মন্তব্য করেনি।

তাদের ভাষ্য অনুযায়ী, ১৬টি অর্থনীতির শিল্প খাতে সরকারি ভর্তুকি নিয়ে কয়েক মাসের তদন্তের ফল প্রকাশ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর (ইউএসটিআর)। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন শুল্কের আওতায় থাকা দেশগুলোর মধ্যে ভারতও থাকতে পারে। গত ১১ মার্চ তদন্ত শুরুর সময় ইউএসটিআর যে ১৬টি অর্থনীতির নাম উল্লেখ করেছিল, ভারত সেগুলোর একটি।

গত বছর আরোপ করা বিস্তৃত শুল্কের বিকল্প হিসেবে নতুন এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ওই শুল্কগুলোকে অসাংবিধানিক ঘোষণা করে বাতিল করে দেন। এর আগে মঙ্গলবার ব্লুমবার্গ ও ওয়াল স্ট্রিট জার্নালও নতুন শুল্ক পরিকল্পনার খবর প্রকাশ করে।

হোয়াইট হাউসের অভিযোগ, এসব দেশে সরকারি ভর্তুকির কারণে অতিরিক্ত পণ্য উৎপাদন হচ্ছে। কম দামে বিপুল পরিমাণ পণ্য রপ্তানির ফলে মার্কিন কোম্পানিগুলো প্রতিযোগিতায় ক্ষতিগ্রস্ত হচ্ছে।

নতুন পদক্ষেপটি ট্রাম্প প্রশাসনের শুল্ক পুনর্বহালের প্রচেষ্টার দ্বিতীয় ধাপ। এর আগে গত বছরের এপ্রিলে ঘোষিত শুল্ক বাতিলের পর চলতি বছরের জুলাইয়ে ৬০টি বাণিজ্য অংশীদারের ওপর ১০ থেকে ১২.৫ শতাংশ শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্য নিষিদ্ধের বিধিনিষেধ যথাযথভাবে কার্যকর না করার অভিযোগে এসব শুল্ক আরোপ করা হয়েছিল।

মধ্যবর্তী নির্বাচনে এ মাসে রিপাবলিকান পার্টির বড় পরাজয় হলেও ট্রাম্প প্রশাসন নতুন শুল্ক আরোপের পরিকল্পনা থেকে সরে আসেনি। মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নির্বাচনে দলটির পরাজয়ের অন্যতম কারণ ছিল। নতুন শুল্ক আরোপের সিদ্ধান্তের মধ্য দিয়ে ট্রাম্পের এককভাবে শুল্ক নির্ধারণের বিষয়ে ডেমোক্র্যাটদের অবস্থানও স্পষ্ট হতে পারে।

প্রতিনিধি পরিষদ ও সিনেটে সংখ্যাগরিষ্ঠতা থাকলেও শুল্ক বাতিল বা কমানোর কোনো আইন পাস হলে ট্রাম্প তাতে ভেটো দিতে পারবেন।

শিল্প খাতে অতিরিক্ত উৎপাদন সক্ষমতা নিয়ে তদন্ত শুরু হয়েছে ১৯৭৪ সালের ট্রেড অ্যাক্টের ৩০১ ধারার আওতায়। এ ধারায় মার্কিন কোম্পানি বা বাণিজ্যের প্রতি বৈষম্যমূলক আচরণকারী দেশের পণ্যের ওপর প্রেসিডেন্ট শুল্ক আরোপ করতে পারেন। নতুন শুল্কের হার এখনো জানা যায়নি। তবে তা চলতি বছর ঘোষিত ১০ থেকে ১২.৫ শতাংশ শুল্কের সঙ্গে যুক্ত হবে।

চীনসহ অনেক দেশ আগের শুল্কের প্রতিবাদ জানিয়েছিল। মার্কিন সুপ্রিম কোর্ট ফেব্রুয়ারিতে প্রায় সব বাণিজ্য অংশীদারের ওপর ট্রাম্পের আরোপ করা বিস্তৃত ‘পারস্পরিক’ শুল্ক বাতিল করার পর বিকল্প হিসেবে সাময়িক শুল্ক আরোপ করেছিলেন তিনি। সেই শুল্কের মেয়াদ শেষ হওয়ার সময়ই নতুন শুল্ক কার্যকর হয়।

এদিকে, গত সপ্তাহেই চীনের প্রযুক্তি খাতের অন্যতম কেন্দ্র শেনজেন সফর করেন ট্রাম্প। চলতি বছর চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে এটি ছিল তার তৃতীয় সরাসরি বৈঠক। আগামী মাসে ফ্লোরিডার ডোরালে ট্রাম্পের আয়োজনে জি-২০ সম্মেলনে যোগ দিতে শি জিনপিংয়ের যাওয়ার কথা রয়েছে। শি জিনপিংয়ের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার উদ্যোগ নিলেও যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বড় বাণিজ্য ঘাটতি দুই দেশের সম্পর্কে এখনো বড় অস্বস্তির কারণ হয়ে আছে।

গাড়ি, সৌর প্যানেল, সিমেন্ট ও ইস্পাতসহ বিভিন্ন শিল্পে চীনের বিপুল উৎপাদন সক্ষমতা নিয়ে সাম্প্রতিক বছরগুলোতে দেশটির বাণিজ্য অংশীদারদের উদ্বেগ বেড়েছে। চীনের নেতারা অর্থনীতির ভারসাম্য ফেরানোর উদ্যোগ নিলেও অভ্যন্তরীণ চাহিদা কমে যাওয়ায় দেশটির কোম্পানিগুলো বিদেশের বাজারে সম্প্রসারণ করছে। এতে রপ্তানি বেড়ে গত বছর চীনের বাণিজ্য উদ্বৃত্ত রেকর্ড প্রায় ১.২ ট্রিলিয়ন ডলারে পৌঁছায়। – খবর এপি-র