২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আর্ন্তজাতিক

অভিবাসীরাই কানাডা গড়ে তুলেছেন, অথনীতি ও নির্মাণ খাতে অবদান রাখছে বললেন অভিবাসন মন্ত্রী

অভিবাসীরাই কানাডা গড়ে তুলেছেন, অথনীতি ও নির্মাণ খাতে অবদান রাখছে বললেন অভিবাসন মন্ত্রী

কানাডার অর্থনীতি, অবকাঠামো নির্মাণ, কর্মসংস্থান ও সামাজিক উন্নয়নে অভিবাসীদের অবদান গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন দেশটির অভিবাসনমন্ত্রী লেনা মেটলেজ ডায়াব। তাঁর মতে, অভিবাসীরা কানাডায় বসবাসের পাশাপাশি নিজেদের শ্রম, মেধা ও দক্ষতা দিয়ে দেশের অর্থনীতি ও সমাজকে সমৃদ্ধ করছেন। নির্মাণ খাতের প্রায় ২৩ শতাংশ কর্মী ইমিগ্র্যান্ট বা অভিবাসী বলেও জানিয়েছেন তিনি।

কানাডার পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে অভিবাসনবিষয়ক আলোচনায় মন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, নির্মাণ ও ঠিকাদারি খাতে অভিবাসীদের অংশগ্রহণ উল্লেখযোগ্য। কোনো কোনো অঞ্চলে এ খাতে অভিবাসী কর্মীর হার আরও বেশি। দক্ষ কর্মীর ঘাটতি পূরণেও তাঁদের ভূমিকা গুরুত্বপূর্ণ।

মেটলেজ ডায়াব আরো বলেন, কানাডায় স্থানীয়ভাবে পর্যাপ্ত কর্মী পাওয়া না গেলে অভিবাসীরা বিভিন্ন দক্ষতাভিত্তিক পেশায় যুক্ত হয়ে শ্রমবাজারের চাহিদা পূরণে সহায়তা করেন। দেশের অর্থনৈতিক অগ্রগতি অব্যাহত রাখতে অভিবাসন ব্যবস্থাকে দায়িত্বশীল ও কার্যকরভাবে পরিচালনা করা জরুরি।

মন্ত্রী আরও উল্লেখ করেন, কানাডার কৃষি, নির্মাণ, স্বাস্থ্যসেবা, প্রযুক্তি, পরিবহন, উৎপাদন ও ব্যবসায়িক খাতসহ বিভিন্ন ক্ষেত্রে অভিবাসীদের অবদান রয়েছে। নতুন অভিবাসীরা বিভিন্ন পেশায় কাজ করার পাশাপাশি ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তোলা, বিনিয়োগ এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমেও অর্থনীতিতে ভূমিকা রাখছেন।

অভিবাসীদের অংশগ্রহণ কানাডার বিভিন্ন অঞ্চলের শ্রমবাজারকেও শক্তিশালী করছে। বিশেষ করে গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলে কর্মীসংকট মোকাবিলায় দক্ষ অভিবাসীদের আকৃষ্ট করা এবং তাঁদের ধরে রাখার ওপর গুরুত্ব দিচ্ছে সরকার।

কানাডা সরকার অভিবাসন ব্যবস্থাকে আরও টেকসই ও কার্যকর করার পাশাপাশি নতুন অভিবাসীদের বসতি স্থাপন ও সমাজে অন্তর্ভুক্ত হতে সহায়তা করার উদ্যোগের কথাও বলছে। ভাষা শিক্ষা, কর্মসংস্থানের প্রস্তুতি, সামাজিক অন্তর্ভুক্তি এবং পরিবারের সদস্যদের পুনর্মিলনের মতো বিষয়গুলো নতুন অভিবাসীদের কানাডায় প্রতিষ্ঠিত হতে সহায়তা করে।

মেটলেজ ডায়াবের মতে, দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে অভিবাসীদের অবদানের স্বীকৃতি দেওয়া এবং তাঁদের দক্ষতা কাজে লাগানোর সুযোগ তৈরি করা জরুরি।

এর আগে ২০২৬ সালের ১ জুলাই কানাডা দিবস উপলক্ষে দেওয়া এক বিবৃতিতেও অভিবাসীদের অবদানের কথা তুলে ধরেন মন্ত্রী। তিনি বলেন, প্রজন্মের পর প্রজন্ম ধরে নতুন অভিবাসী ও তাঁদের বংশধরেরা কানাডার সাফল্যে অবদান রেখে চলেছেন। দীর্ঘদিনের বাসিন্দা কিংবা নতুন নাগরিক, সবাই কানাডার ইতিহাস ও ভবিষ্যতের অংশ।

সংশ্লিষ্টদের মতে, অভিবাসীদের অবদানের স্বীকৃতি দেশটির বহুসাংস্কৃতিক সমাজে তাঁদের অবস্থান আরও দৃঢ় করতে পারে। অভিবাসীরা জনসংখ্যা বৃদ্ধির পাশাপাশি নিজেদের অভিজ্ঞতা, সংস্কৃতি, কর্মদক্ষতা ও উদ্যোগের মাধ্যমে কানাডার অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতিতে ভূমিকা রাখছেন। – সংবাদ সুত্র ওয়েব পোর্টাল প্রজন্ম কথা।