২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

কমিউনিটি
নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে গোল্ডেন এজ হোমকেয়ারের দশম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

শাহ নেওয়াজের নেতৃত্বে সেবার মান ও পরিধি আরও বাড়ানোর প্রত্যয়

শাহ নেওয়াজের নেতৃত্বে সেবার মান ও পরিধি আরও বাড়ানোর প্রত্যয়

প্রবাসে জীবনযাত্রার ব্যস্ততা, পরিবর্তিত পারিবারিক কাঠামো এবং ক্রমবর্ধমান প্রবীণ জনগোষ্ঠীর বাস্তবতায় হোমকেয়ার সেবা এখন নিউইয়র্কের অভিবাসী কমিউনিটির জন্য গুরুত্বপূর্ণ এক নির্ভরতার জায়গা। বিশেষ করে প্রবীণ, অসুস্থ ও দৈনন্দিন জীবনযাপনে অন্যের সহায়তার প্রয়োজন হয়, এমন মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে ২০১৬ সালে যাত্রা শুরু করা গোল্ডেন এজ হোমকেয়ার (Golden Age Home Care) সফলভাবে পার করেছে এক দশক। এক দশকের এই সেবাযাত্রা, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা উদযাপনে নিউইয়র্কে অনুষ্ঠিত হয়েছে প্রতিষ্ঠানটির দশম প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য আয়োজন।

গত ৮ নভেম্বর রোববার সন্ধ্যায় নিউইয়র্কের ইস্ট এলমহার্স্টে অবস্থিত লাগার্ডিয়া এয়ারপোর্ট ম্যারিয়ট হোটেলের গ্র্যান্ড বলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে নিউ ইয়র্ক এর বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, মিডিয়ার প্রতিনিধিবৃন্দ, ব্যবসায়ী, কমিউনিটি নেতৃবৃন্দ, শুভানুধ্যায়ী এবং প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্টরা অংশ নেন।

অনুষ্ঠানে গোল্ডেন এজ হোমকেয়ারের এক দশকের কার্যক্রম, সাফল্য, সেবার পরিধি এবং আগামী দিনের পরিকল্পনা তুলে ধরা হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শাহ নেওয়াজ এক দশকের পথচলার অভিজ্ঞতা তুলে ধরে তিনি প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট সেবাকর্মী, পরিচর্যাকারী, সেবাগ্রহীতা, তাঁদের পরিবার এবং দীর্ঘদিনের শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জনাব শাহ নেওয়াজ বলেন, `দশ বছর একটি প্রতিষ্ঠানের জন্য শুধু সময়ের হিসাব নয়, এটি মানুষের আস্থা অর্জনের একটি দীর্ঘ যাত্রা। আমরা যখন গোল্ডেন এজ হোমকেয়ারের কার্যক্রম শুরু করি, তখন আমাদের লক্ষ্য ছিল প্রবীণ ও অসুস্থ মানুষ যেন নিজেদের ঘরে থেকে প্রয়োজনীয় সেবা, সম্মান ও যত্ন পান। সেই লক্ষ্যকে সামনে রেখেই আমরা এগিয়ে চলেছি।’

তিনি আরও বলেন, `একটি পরিবারের প্রবীণ সদস্য যখন অসুস্থ হয়ে পড়েন, তখন শুধু ওই ব্যক্তি নন, পুরো পরিবারই উদ্বেগ ও অনিশ্চয়তার মধ্যে পড়ে। আমরা সেই পরিবারের পাশে দাঁড়াতে চাই। একজন মানুষ যেন নিজের পরিচিত পরিবেশে, নিজের ভাষায় কথা বলে এবং নিজের সংস্কৃতির সঙ্গে সংযোগ বজায় রেখে যত্ন পান, সেটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

প্রতিষ্ঠানের সাফল্যের পেছনে কর্মীদের অবদানের কথা উল্লেখ করে জনাব শাহ নেওয়াজ বলেন, `আজকের এই অর্জন আমার একার নয়। আমাদের প্রতিটি কর্মী, পরিচর্যাকারী, সেবাগ্রহীতা ও তাঁদের পরিবারের সম্মিলিত আস্থার ফল এই দশ বছরের পথচলা। প্রতিদিন যাঁরা মানুষের বাড়িতে গিয়ে সেবা দিয়ে আসছেন, তাঁরাই গোল্ডেন এজ হোমকেয়ারের প্রকৃত শক্তি।’

ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, `আমরা শুধু একটি ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তুলতে চাইনি; চেয়েছি মানুষের প্রয়োজনের সময় নির্ভরতার একটি জায়গা তৈরি করতে। আগামী দিনগুলোতেও সেবার মান, জবাবদিহি এবং মানুষের আস্থা ধরে রাখাই হবে আমাদের প্রধান অগ্রাধিকার। আজকের এই দশম প্রতিষ্ঠাবার্ষিকী যেমন আনন্দের, তেমনি আগামী দিনের প্রতি আমাদের দায়িত্বের কথাও মনে করিয়ে দেয়।’

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ভাইস প্রেসিডেন্ট রানো আমেনা নেওয়াজ দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানান। তিনি প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে পরিবারের সদস্য হিসেবে অভিনন্দন জানান এবং গোল্ডেন এজ হোমকেয়ারের আগামী দিনের পথচলার সাফল্য কামনা করেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের পরিচালক সাদিয়া নেওয়াজ। তিনি অনুষ্ঠানে উপস্থিত অতিথি, শুভানুধ্যায়ী এবং প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান। তাঁর বাবার সাফল্যে গর্বিত হয়ে তিনি গোল্ডেন এজ হোমকেয়ারের সঙ্গে দীর্ঘ পথচলায় সবার সহযোগিতা, ভালোবাসা ও পাশে থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রতিষ্ঠানের এক দশকের এই অর্জন সবার সম্মিলিত প্রচেষ্টা ও সমর্থনের ফল বলেও উল্লেখ করেন সাদিয়া নেওয়াজ।

দশম প্রতিষ্ঠাবার্ষিকীর অন্যতম আকর্ষণ ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন উত্তর আমেরিকার জনপ্রিয় শিল্পী রন্টি দাস, কামরুজ্জামান বকুল, প্রীতম হাসান, শাহ মাহবুব, রানো নেওয়াজ, বাদশা বুলবুল, অনিক রাজ প্রমুখ। শিল্পীদের সংগীত পরিবেশনায় অনুষ্ঠানস্থলে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। উপস্থিত অতিথিরা উপভোগ করেন তাঁদের পরিবেশনা।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রবাসের বিশিষ্ট ব্যক্তিবর্গ, মিডিয়ার প্রতিনিধিরা, বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান ও কমিউনিটি নেতৃবৃন্দ ফুল দিয়ে গোল্ডেন এজ হোমকেয়ারের প্রেসিডেন্ট ও সিইও শাহ নেওয়াজ এবং রানো নেওয়াজকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তাঁদের এই ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসা প্রতিষ্ঠানের এক দশকের পথচলার প্রতি কমিউনিটির সমর্থন ও সম্পৃক্ততার প্রতিফলন হিসেবে অনুষ্ঠানে বিশেষ মাত্রা যোগ করে।

অনুষ্ঠানে আগত অতিথিদের জন্য হালাল খাবারের আয়োজন করা হয়। পুরো অনুষ্ঠান উপস্থাপনা করেন আশরাফুন হাসান বুলবুল। অনুষ্ঠানটির শব্দ ও সাউন্ড ব্যবস্থাপনার দায়িত্বে ছিল সাউন্ড গিয়ার ও স্যাম। সংগীত, শুভেচ্ছা বিনিময় এবং অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গোল্ডেন এজ হোমকেয়ারের দশম প্রতিষ্ঠাবার্ষিকী পরিণত হয় নিউ ইয়র্কের বাংলাদেশি কমিউনিটির এক আনন্দঘন মিলনমেলায়।

নিউইয়র্কে বাংলাদেশিসহ দক্ষিণ এশীয় অভিবাসী জনগোষ্ঠীর সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রবীণদের দীর্ঘমেয়াদি পরিচর্যা এবং নিজ বাড়িতে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা গ্রহণের চাহিদাও বাড়ছে। কর্মব্যস্ত জীবনে পরিবারের প্রবীণ ও অসুস্থ সদস্যদের যথাযথ পরিচর্যা নিশ্চিত করা অনেক পরিবারের জন্যই বড় চ্যালেঞ্জ। বিশেষ করে যেসব পরিবারের সদস্যরা কর্মজীবনে ব্যস্ত, সেখানে পেশাদার হোমকেয়ার সেবা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

এমন বাস্তবতায় ২০১৬ সালে যাত্রা শুরু করে গোল্ডেন এজ হোমকেয়ার। প্রতিষ্ঠার পর থেকেই প্রবীণ, অসুস্থ এবং দৈনন্দিন জীবনযাপনে অন্যের সহায়তার প্রয়োজন হয়, এমন মানুষের সেবাকে গুরুত্ব দিয়ে কার্যক্রম পরিচালনা করে আসছে প্রতিষ্ঠানটি। গোল্ডেন এজ হোমকেয়ার নিউইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অব হেলথের তালিকাভুক্ত লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠান। হোম হেলথ এইড, পার্সোনাল কেয়ার এবং নার্সিং সেবা প্রদানের অনুমোদন রয়েছে প্রতিষ্ঠানটির। ব্রঙ্কস, ব্রুকলিন, ম্যানহাটন, কুইন্স, স্ট্যাটেন আইল্যান্ড ও ওয়েস্টচেস্টার কাউন্টিতে এর সেবার পরিধি বিস্তৃত।

বাংলাদেশিসহ দক্ষিণ এশীয় অভিবাসী কমিউনিটির ভাষাগত ও সাংস্কৃতিক চাহিদাকে গুরুত্ব দেওয়া প্রতিষ্ঠানটির কার্যক্রমের অন্যতম বৈশিষ্ট্য। বিশেষ করে অনেক প্রবীণ অভিবাসী ইংরেজি ভাষায় স্বাচ্ছন্দ্যবোধ করেন না। তাঁদের জন্য মাতৃভাষায় যোগাযোগের সুযোগ এবং পরিচিত সাংস্কৃতিক পরিবেশে সেবা গ্রহণের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। গোল্ডেন এজ হোমকেয়ারের সেবাদাতাদের মধ্যে বাংলা, হিন্দিসহ একাধিক ভাষায় যোগাযোগের সুবিধা রয়েছে। এতে সেবাগ্রহীতা ও পরিচর্যাকারীদের মধ্যে যোগাযোগ সহজ হওয়ার পাশাপাশি প্রবীণদের মানসিক স্বস্তি ও নিরাপত্তাবোধ তৈরিতে সহায়তা করে।

প্রতিষ্ঠানটি হোম হেলথ এইড এবং পার্সোনাল কেয়ার এইড (পিসিএ) সেবার মাধ্যমে যোগ্য ব্যক্তিদের নিজ বাড়িতে প্রয়োজনীয় সহযোগিতা পাওয়ার সুযোগ তৈরি করে। ব্যক্তিগত পরিচর্যা, দৈনন্দিন কাজকর্মে সহায়তা এবং নির্ধারিত সেবাপরিকল্পনা অনুযায়ী সহযোগিতা প্রদানের মাধ্যমে প্রবীণ ও অসুস্থ মানুষের জীবনযাত্রা সহজ করাই এ ধরনের সেবার মূল উদ্দেশ্য।

হোমকেয়ার সেবা শুধু প্রবীণ ও অসুস্থ মানুষের পরিচর্যার মধ্যেই সীমাবদ্ধ নয়। নিউইয়র্কের অভিবাসী জনগোষ্ঠীর জন্য এ খাত একটি গুরুত্বপূর্ণ কর্মসংস্থানের ক্ষেত্র হিসেবেও বিকশিত হয়েছে। বিশেষ করে অভিবাসী নারী, নতুন কর্মজীবী এবং স্বাস্থ্যসেবামূলক পেশায় যুক্ত হতে আগ্রহীদের জন্য হোমকেয়ার খাত অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ তৈরি করছে।

গোল্ডেন এজ হোমকেয়ারও পরিচর্যাকারী ও সেবাগ্রহীতাদের মধ্যে সংযোগ স্থাপনের মাধ্যমে এই বৃহত্তর সেবাব্যবস্থার অংশ হিসেবে কাজ করছে। এর ফলে একদিকে প্রবীণ ও অসুস্থ মানুষ প্রয়োজনীয় পরিচর্যা পাওয়ার সুযোগ পাচ্ছেন, অন্যদিকে পরিচর্যা পেশায় কর্মসংস্থানের ক্ষেত্রও তৈরি হচ্ছে।

যুক্তরাষ্ট্রে বসবাসরত লাদেশি পরিবারগুলোর জন্য বিষয়টি বিশেষ তাৎপর্যপূর্ণ। বাংলাদেশি সমাজে প্রবীণদের প্রতি শ্রদ্ধা, অসুস্থ মানুষের পাশে দাঁড়ানো এবং পরিবারের সদস্যদের যত্ন নেওয়ার দীর্ঘ সামাজিক ঐতিহ্য রয়েছে। যুক্তরাষ্ট্রের ব্যস্ত কর্মজীবন ও পরিবর্তিত পারিবারিক বাস্তবতায় পেশাদার হোমকেয়ার সেবা সেই সামাজিক মূল্যবোধকে প্রাতিষ্ঠানিকভাবে বাস্তবায়নের সুযোগ তৈরি করেছে।

গত এক দশকে নিউইয়র্কের হোমকেয়ার খাতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। সরকারি নীতিমালা, সেবাগ্রহীতাদের যোগ্যতা নির্ধারণ, পরিচর্যাকারীদের প্রশিক্ষণ, কর্মসংস্থানের শর্ত এবং সেবার মান নিশ্চিত করার ক্ষেত্রে তৈরি হয়েছে নানা চ্যালেঞ্জ।

একই সঙ্গে বেড়েছে রোগীর নিরাপত্তা, সেবার গুণগত মান এবং প্রতিষ্ঠানগুলোর জবাবদিহির গুরুত্ব। প্রতিযোগিতামূলক ও কঠোরভাবে নিয়ন্ত্রিত এই খাতে টিকে থাকা এবং ধারাবাহিক সেবা কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজন পেশাদার ব্যবস্থাপনা, দক্ষ জনবল এবং পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা।

এমন একটি চ্যালেঞ্জপূর্ণ খাতে গোল্ডেন এজ হোমকেয়ারের দশ বছর পূর্তি প্রতিষ্ঠানটির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। নিউইয়র্কের ক্রমবর্ধমান বাংলাদেশি কমিউনিটিতে ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি স্বাস্থ্যসেবা খাতেও অভিবাসী উদ্যোক্তাদের অংশগ্রহণ ও নেতৃত্বের একটি উদাহরণ হিসেবে প্রতিষ্ঠানটির এই পথচলাকে দেখা হচ্ছে।

দশম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের মধ্য দিয়ে গোল্ডেন এজ হোমকেয়ার তার পথচলার নতুন অধ্যায়ে প্রবেশ করল। সামনে রয়েছে পরিবর্তিত স্বাস্থ্যসেবা ব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে সেবার মান বজায় রাখা, পরিচর্যাকারীদের দক্ষতা ও পেশাদারত্বের উন্নয়ন এবং ক্রমবর্ধমান প্রবীণ জনগোষ্ঠীর চাহিদা পূরণের চ্যালেঞ্জ।

প্রেসিডেন্ট ও সিইও শাহ নেওয়াজের নেতৃত্বে গত এক দশকে প্রতিষ্ঠানটি নিউ ইয়র্ক এর বাংলাদেশীসহ অন্যান্য অভিবাসী কমিউনিটিতে যে পরিচিতি ও আস্থার জায়গা তৈরি করেছে, ভবিষ্যতে তা ধরে রাখা এবং আরও বিস্তৃত করাই হবে অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য।

গোল্ডেন এজ হোমকেয়ারের দশম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন তাই কেবল একটি প্রতিষ্ঠানের ব্যবসায়িক অগ্রযাত্রা উদযাপনের উপলক্ষ নয়; এটি উত্তর আমেরিকায় নিজেদের কমিউনিটির প্রবীণ ও অসুস্থ মানুষের পাশে দাঁড়ানো, তাঁদের জীবনযাত্রাকে সহজ করা এবং সেবামূলক কর্মকাণ্ডে অভিবাসী উদ্যোক্তাদের অংশগ্রহণের এক দশকের গল্প।

নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটির সঙ্গে সম্পর্ক, সেবার অভিজ্ঞতা এবং মানুষের আস্থাকে সঙ্গে নিয়ে গোল্ডেন এজ হোমকেয়ার এখন এগিয়ে যেতে চায় পথচলার দ্বিতীয় দশকে। – শিব্বীর আহমেদ প্রেরিত