যুক্তরাষ্ট্রের বৈদেশিক সহায়তার সবচেয়ে বড় অংশ পেয়েছে ইউক্রেন। ২০২৫ অর্থবছরে দেশটিকে প্রায় ৬.৭ বিলিয়ন ডলার সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র প্রশাসন। দ্বিতীয় অবস্থানে থাকা ইসরায়েল পেয়েছে প্রায় ৩.৩১ বিলিয়ন ডলার। আর প্রায় ১.৬৫ বিলিয়ন ডলার সহায়তা নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে জর্ডান। একই সময়ে প্রায় ৩৯৪ মিলিয়ন ডলার সহায়তা নিয়ে তালিকার ২০তম স্থানে রয়েছে বাংলাদেশ।
যুক্তরাষ্ট্র সরকারের বৈদেশিক সহায়তার তথ্যভান্ডার এবং পিউ রিসার্চ সেন্টারের উপাত্ত বিশ্লেষণে এ চিত্র উঠে এসেছে। সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, ২০২৫ অর্থবছরে বিভিন্ন দেশ ও খাতে মোট ৪ হাজার ৭৩০ কোটি ডলার সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র।
এর মধ্যে শান্তি ও নিরাপত্তা খাতে ৭৩১ কোটি ডলার, স্বাস্থ্য খাতে ১ হাজার ৯৩ কোটি ডলার, মানবিক সহায়তায় ৮৯৯ কোটি ডলার এবং অন্যান্য খাতে ২ হাজার ৭ কোটি ডলার ব্যয় করা হয়েছে।
রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের বৈদেশিক সহায়তার সবচেয়ে বড় গ্রহীতা ইউক্রেন। ২০২৫ অর্থবছরে দেশটির জন্য মোট অর্থছাড়ের পরিমাণ ছিল প্রায় ৬.৭০ বিলিয়ন ডলার। এর মধ্যে প্রায় ৫.৬৯ বিলিয়ন ডলার ছিল সামরিকবহির্ভূত সহায়তা এবং প্রায় ১.০১ বিলিয়ন ডলার সামরিক সহায়তা।
তবে কোনো অর্থবছরে অর্থছাড়ের পরিমাণ দিয়ে ওই বছর নতুন করে অনুমোদিত সহায়তার পরিমাণ নির্ধারণ করা যায় না। আগের অর্থবছরে অনুমোদিত অর্থও পরবর্তী সময়ে ছাড় হতে পারে। তাই ইউক্রেনের জন্য ২০২৫ অর্থবছরের মোট অর্থছাড়কে পুরোপুরি ওই বছরের নতুন সহায়তা হিসেবে বিবেচনা করা ঠিক হবে না।
২০২৫ অর্থবছরে ইসরায়েলকে প্রায় ৩.৩২ বিলিয়ন ডলার সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। এর ৯৯ দশমিক ৮ শতাংশই ছিল সামরিক সহায়তা। অন্যদিকে, জর্ডান পেয়েছে প্রায় ১.৬৫ বিলিয়ন ডলার। দেশটির জন্য বরাদ্দ সহায়তার প্রায় ৭৪ শতাংশ ছিল সামরিকবহির্ভূত। যুক্তরাষ্ট্রের বৈদেশিক সহায়তার শীর্ষ ১০ গ্রহীতার মধ্যে সাতটি দেশই আফ্রিকার।
তালিকায় চতুর্থ স্থানে থাকা ইথিওপিয়া পেয়েছে প্রায় ৯২ মিলিয়ন ডলার। এরপর গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র পেয়েছে ৭৫ মিলিয়ন ডলার, নাইজেরিয়া ৭৩ মিলিয়ন ডলার, সুদান ৭১ মিলিয়ন ডলার, কেনিয়া ৬৫ মিলিয়ন ডলার, মোজাম্বিক ৫৮ মিলিয়ন ডলার এবং উগান্ডা ৫১ মিলিয়ন ডলার।
তালিকায় আরও রয়েছে দক্ষিণ সুদান, সোমালিয়া, পশ্চিম তীর ও গাজা, কলম্বিয়া, তানজানিয়া, লেবানন, আফগানিস্তান, জাম্বিয়া ও দক্ষিণ আফ্রিকা। প্রকাশিত পরিসংখ্যানে বাংলাদেশ ২০তম স্থানে রয়েছে। ২০২৫ অর্থবছরে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্রায় ৩৯.৪০ লক্ষ ডলার বৈদেশিক সহায়তা পেয়েছে।



















