নিউইয়র্ক সিটিতে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন হবিগঞ্জের চুনারুঘাটের বাসিন্দা ও আইটি ইঞ্জিনিয়ার শাহ মো. আরদি। তার বয়স হয়েছিল ২৪ বছর। শনিবার (৩ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে কর্মস্থল থেকে বাসায় ফেরার সময় মেজর ডিগান এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার শিকার হন আরদি। এতে গুরুতর আহত হওয়ার পর তার মৃত্যু হয়।
শাহ মো. আরদি চুনারুঘাট উপজেলার সদর ইউনিয়নের ফুলবাড়ী গ্রামের বাসিন্দা। তিনি চুনারুঘাট অ্যাসোসিয়েশন ইউএসএ ইনকের প্রতিষ্ঠাতা সভাপতি শাহ মো. ছাদেক মিয়ার ছোট ভাই শাহ মো. আসাদ মিয়ার বড় ছেলে।
পরিবার ও স্বজনরা জানান, প্রতিদিনের মতো কাজ শেষ করে ভোর সাড়ে ৪টার দিকে বাসার উদ্দেশে রওনা দিয়েছিলেন আরদি। শাহ মো. আরদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবার ও স্বজনদের মধ্যে শোক নেমে আসে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে বসবাসরত চুনারুঘাটের লোকজনের মধ্যেও শোকের ছায়া নেমে এসেছে।

















