১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

কমিউনিটি

নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন ও চট্টগ্রামবাসীর মেজবান অনুষ্ঠিত

নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন ও চট্টগ্রামবাসীর মেজবান অনুষ্ঠিত

গত ৬ সেপ্টেম্বর রবিবার প্রতি বছরের মত এবারো নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি সেন্টার ও রেস্টুরেন্টে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন এবং চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান অনুষ্ঠিত হয়। ঈদে মিলাদুন্নবী (সা.) অর্গানাইজিং কমিটি অব নর্থ আমেরিকা’র উদ্যোগে বাদ আছর থেকে শুরু হয় ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল ও মেজবান (নৈশভোজ) আয়োজন। কয়েকশত নারী সহ কয়েক হাজার বাংলাদেশী মেজবানে অংশ গ্রহণ করেন। ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিলে ইসলামী আলোচনা করেছেন মাওলানা মোদাচ্ছের আহমেদ।

অনুষ্ঠান পরিচালনা করেন জ‍্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন বা জেবিবিএ’র কোষাধ্যক্ষ, ঈদে মিলাদুন্নবী (সা.) অর্গানাইজিং কমিটি অব নর্থ আমেরিকার সদস্য সচিব কর্ণফুলি ট্রাভেল্স-এর মোহাম্মদ সেলিম হারুন এবং আহ্বায়ক মো: শামসুল আলম চৌধুরী। নিউইয়র্ক সফররত বাংলাদেশের জাতীয় সংসদ সদস্য চট্টগ্রামের আবু সুফিয়ান মাহফিলে আগতদের প্রতি শুভেচ্ছামূলক বক্তব্য রাখেন।

মিলাদ মাহফিলে নাত পরিবেশন করে বাহবা কুড়িয়েছেন এটর্নি মঈন চৌধুরী। মিলাদ মাহফিল এর এক পর্যায়ে অনুষ্ঠানস্থলে হাজির হন নিউ ইয়র্কের বাংলাদেশ সোসাইটির আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী কুনু-ফিরোজ প‍্যানেলের সভাপতি পদপ্রার্থী আজমল হোসেন কুনুসহ অন্যান্য প্রার্থীরা।

এবারের ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন এবং চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান আয়োজনে সার্বিক সহায়তা করেছেন আয়োজক কমিটির কো-অর্ডিনেটর মনির আহমেদসহ নিউ ইয়র্কের চট্টগ্রাম সমিতির বর্তমান ও সাবেক কার্যকরী কমিটির নেতৃবৃন্দ।

এবারের আয়োজনের সদস্য সচিব সেলিম হারুন বলেন, ২০১৪ সাল থেকে এই মাহফিল আয়োজন করে আসছি। ধর্মীয় স¤প্রীতি, ভ্রাতৃত্ববোধ এবং চট্টগ্রামের ঐতিহ্যকে প্রবাসের মাটিতে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যেই এ আয়োজন অব্যাহত রাখা হচ্ছে। তিনি অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যতেও এ আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখতে সবার সহযোগিতা ও আন্তরিকতা কামনা করেন।

অনুষ্ঠানে বিপুলসংখ্যক রাসুল প্রেমিক মুসল্লিদের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়। সকলেই অত্যন্ত ধৈর্য সহকারে বিশ্ব মানবতার মুক্তির দূত, প্রিয়নবী হযরত মোহাম্মদ (সা.)-এর জীবনের নানা দিক নিয়ে আলোচনা শুনেছেন এবং আল্লাহপাক রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করেন।

মিলাদ অনুষ্ঠানে বক্তাগণ মহানবী (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ করে ভ্রাতৃত্ববোধ ও মানবকল্যাণে ব্রতী হওয়ার আহবান জানান। তারা আরো বলেন, মহানবী (সা.)-এর সুমহান আদর্শ অনুসরণের মধ্যেই মুসলমানদের অফুরন্ত কল্যাণ, সফলতা ও শান্তি নিহিত রয়েছে।