৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

অর্থনীতি

এক বছরে বাংলাদেশের রেমিট্যান্স বেড়েছে ৫.২৬ বিলিয়ন ডলার, শীর্ষে সৌদি আরব

এক বছরে বাংলাদেশের রেমিট্যান্স বেড়েছে ৫.২৬ বিলিয়ন ডলার, শীর্ষে সৌদি আরব

সৌদি আরবের পর বাংলাদেশে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে যুক্তরাজ্য থেকে। ২০২৪-২০২৫ অর্থবছরে দেশটি থেকে ৩.১৭ বিলিয়ন ডলার আসে। ২০২৫-২০২৬ অর্থবছরে তা বেড়ে ৫.৭২ বিলিয়ন ডলারে পৌঁছায়। এক বছরে যুক্তরাজ্য থেকে রেমিট্যান্স বেড়েছে প্রায় ৬০.১%।

পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বাংলাদেশি বংশোদ্ভূতদের বাংলাদেশে পাঠানো রেমিট্যান্স গত এক বছরে উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে।

২০২৪-২০২৫ অর্থবছরে বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে মোট ৩০.৩৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স এলেও ২০২৫-২০২৬ অর্থবছরে তা বেড়ে ৩৫.৫৯ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। অর্থাৎ এক বছরে রেমিট্যান্স বেড়েছে ৫.২৬ বিলিয়ন ডলার।

এর মধ্যে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে সৌদি আরব থেকে। দেশটি থেকে ২০২৪-২০২৫ অর্থবছরে ৪.২৬ বিলিয়ন ডলার এলেও ২০২৫-২০২৬ অর্থবছরে তা বেড়ে ৫.৮৪ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির লিখিত প্রশ্নের জবাবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এসব তথ্য জানান।