২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

কমিউনিটি

নিউইয়র্ক সিনিয়র অ্যাডাল্ট ডে কেয়ার এর আয়োজনে আনন্দঘন পিকনিক ও গেট টুগেদার অনুষ্ঠিত

নিউইয়র্ক সিনিয়র অ্যাডাল্ট ডে কেয়ার এর আয়োজনে আনন্দঘন পিকনিক ও গেট টুগেদার অনুষ্ঠিত

২০ জুলাই সোমবার নিউইয়র্কের ওয়েষ্ট হ্যাম্পস্টেডের ফিলিপ স্কট প্যাভিলিয়নে নিউইয়র্কের অন্যতম বৃহৎ ডে কেয়ার সেবাদানকারী প্রতিষ্ঠান ‘নিউইয়র্ক সিনিয়র অ্যাডাল্ট ডে কেয়ার’র আয়োজনে অনুষ্ঠিত হয় এক আনন্দঘন পিকনিক ও গেট টুগেদার। অনুষ্ঠানে উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে ফিতা কেটে আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ‘নিউইয়র্ক সিনিয়র অ্যাডাল্ট ডে কেয়ার’র সিএফও কমিউনিটির পরিচিত মুখ মো: জাহিদ আলম ও মিসেস আলম।

দিনব্যাপী আয়োজিত আনন্দঘন পিকনিক ও গেট টুগেদার অনুষ্ঠানে নিউইয়র্কের বিভিন্ন এলাকা থেকে কমিউনিটির সিনিয়র সদস্য, তাদের পরিবার ও স্বজন ও কমিউনিটির বিভিন্ন পর্যায়ের সদস্যরা অংশ নেন। দিনব্যাপী আয়োজনে ছিল সুস্বাদু খাবার পরিবেশনা, স্মৃতি রোমন্থনমুলক পারিবারিক আড্ডা, মনোমুগ্ধকর সংগীত পরিবেশনা, বিভিন্ন বিনোদনমুলক খেলা এবং পুরস্কার বিতরণ।

সিনিয়র সিটিজেনদের এবং আগত প্রবাসীদের সাথে দিনব্যাপী এই আয়োজনে আরো উপভোগ্য করে তুলতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন ‘নিউইয়র্ক সিনিয়র অ্যাডাল্ট ডে কেয়ার’র প্রেসিডেন্ট ও সিইও শাহ নেওয়াজ ও বিশেষ অতিথি হিসেবে পরিচালক রানো নেওয়াজ।

নিউইয়র্ক সিনিয়র অ্যাডাল্ট ডে কেয়ার’র সিএফও মো: জাহিদ আলম জানান, সমাজের বয়োজেষ্ঠ বা সিনিয়র নাগরিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সামাজিক বন্ধন ও পারিবারিক স্মপ্রীতি  আরও সুদৃঢ় করতে এই বনভোজনের আয়োজন করা হয়েছে। এতে অংশগ্রহণকারীরা আনন্দঘন পরিবেশে সময় কাটানোর পাশাপাশি দীর্ঘদিনের পরিচিতজনদের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ পান।

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত পিকনিক ও গেট টুগেদার অনুষ্ঠানে সিনিয়র সদস্যরা বিভিন্ন খেলাধুলা ও সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানটি অংশগ্রহণকারীদের প্রাণবন্ত উপস্থিতি ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে।

সিনিয়র সদস্যরা একসঙ্গে সময় কাটিয়ে উপভোগ করেন এক ভিন্ন রকম আনন্দের মুহূর্ত। হাসি-আনন্দ আর মিলনমেলায় ভরপুর এই আয়োজন উপস্থিত সকলের মন জয় করে। উপস্থিত কয়েকজনের অভিমদ, এটি ছিল একটি দারুণ ও স্মরণীয় আয়োজন।