১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

কমিউনিটি

০৯ আগস্ট রবিবার জ্যাকসন হাইটসে নিউইয়র্কে প্রথমবার অনুষ্ঠিত হবে ‘সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড’

০৯ আগস্ট রবিবার জ্যাকসন হাইটসে নিউইয়র্কে প্রথমবার অনুষ্ঠিত হবে ‘সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড’

বহুজাতিক সম্প্রীতি, সাংস্কৃতিক বৈচিত্র্য এবং দক্ষিণ এশীয় জনগোষ্ঠীর ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে আগামী ৯ আগস্ট নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে ৩৭ এভিনিউর উপর প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে ‘সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড’।

এ উপলক্ষে ০৭ জুলাই মঙ্গলবার সন্ধ্যায় কুইন্সের উডসাইডে গুলশান টেরেসে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে প্যারেড এর আয়োজক বাংলাদেশ সোসাইটি নিউ ইয়র্কের পক্ষে বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান, গোল্ডেন এজ হোমকেয়ার এর প্রধান নির্বাহী এম শাহ নেওয়াজ জানান, আগামী ৯ আগস্ট জ্যাকসন হাইটসে এই বর্ণাঢ্য প্যারেড অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, ভুটানসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের বাসিন্দাদের প্রতিনিধিরা অংশ নেবেন। অনুষ্ঠানের মূল লক্ষ্য হলো পারস্পরিক সম্প্রীতি, সাংস্কৃতিক বন্ধন এবং বহুজাতিক সমাজে দক্ষিণ এশীয় সম্প্রদায়ের ঐক্যকে আরও সুদৃঢ় করা।

এসময় জনাব শাহ নেওয়াজ এর সাথে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটি নিউ ইয়র্কের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য কাজী আজহারুল হক মিলন বাংলাদেশ সোসাইটি নিউ ইয়র্কের সিনিয়র সহসভাপতি মহিউদ্দিন দেওয়ান, সহ সভাপতি কামরুজ্জামান কামরুল, সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী, জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশনের প্রেসিডেন্ট বিশিষ্ট ব্যবসায়ী হারুন ভূঁইয়া, জ্যাকসন হাইটস এলাকাবাসীর প্রেসিডেন্ট শাকিল মিয়া, মো: আলম নমি, চিটাগাং এসোসিয়েশনের মাকসুদ এইচ চৌধুরী, নবগঠিত “সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড” নামক সংগঠনের পক্ষে শাহ শহীদুল হক।

১ম ‘সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড’এর কনভেনর এর দায়িত্ব পালন করবেন বাংলাদেশ সোসাইটি নিউ ইয়র্কের সিনিয়র সহসভাপতি মহিউদ্দিন দেওয়ান এবং চীফ কো-অর্ডিনেটর এর দায়িত্বে থাকবেন নবগঠিত “সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড” নামক সংগঠনের শাহ শহীদুল হক। সদস্য সচিব এর নাম পরবর্তীতে জানানো হবে ।

সংবাদ সম্মেলনে প্যারেড এর আয়োজক এবং সংশ্লিষ্টরা আরো জানান, প্যারেডে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, সামাজিক প্রতিষ্ঠান, ব্যবসায়ী, পেশাজীবী এবং কমিউনিটির নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন। বর্ণিল সাজসজ্জা, নিজ নিজ দেশের ঐতিহ্যবাহী পোশাক, সংগীত ও সংস্কৃতির মাধ্যমে দক্ষিণ এশিয়ার বৈচিত্র্য তুলে ধরা হবে।

সংবাদ সম্মেলনে বিভিন্ন কমিউনিটি নেতা, সংগঠক ও অতিথিরা উপস্থিত ছিলেন। তারা এই উদ্যোগকে নিউইয়র্কে দক্ষিণ এশীয় জনগোষ্ঠীর মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।

আয়োজকদের পক্ষ থেকে নিউইয়র্কের সব কমিউনিটির মানুষকে আগামী ৯ আগস্ট জ্যাকসন হাইটসে অনুষ্ঠিতব্য সাউথ এশিয়ান ইউনিটি প্যারেডে অংশ নিয়ে এই আয়োজনকে সফল করার আহ্বান জানানো হয়।