১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

আর্ন্তজাতিক

ট্রাম্প বললেন যুদ্ধবিরতি ‘শেষ’, মার্কিন কর্মকর্তা বললেন ইরানের সঙ্গে ‘কারিগরি আলোচনা’ চালিয়ে যাবে যুক্তরাষ্ট্র

ট্রাম্প বললেন যুদ্ধবিরতি ‘শেষ’, মার্কিন কর্মকর্তা বললেন ইরানের সঙ্গে ‘কারিগরি আলোচনা’ চালিয়ে যাবে যুক্তরাষ্ট্র

ইরানের সঙ্গে সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলার পরও ‘কারিগরি পর্যায়ের আলোচনা’ চালিয়ে যাবে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে সংঘাতের কূটনৈতিক সমাধান খুঁজে বের করার প্রতিশ্রুতিও বহাল রয়েছে বলে বৃহস্পতিবার (০৯ জুলাই) যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তার বরাতে জানিয়েছে সংবাদমাধ্যম এমএস নাউ।

যুক্তরাষ্ট্রের ওই কর্মকর্তা বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার অবস্থান স্পষ্ট করেছেন। হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে ইরানের হামলাকে তিনি ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ হিসেবে দেখছেন।

এর আগে তুরস্কের আঙ্কারায় ন্যাটো সম্মেলনে ট্রাম্প বলেছিলেন, ইরানের সঙ্গে হওয়া যুদ্ধবিরতি ‘শেষ হয়ে গেছে’।

তবে যুক্তরাষ্ট্রের কর্মকর্তা জানান, দুই দেশের মধ্যে গত মাসে সই হওয়া সমঝোতা স্মারক (এমওইউ) বাস্তবায়নের ওপর নির্ভরশীল। তার দাবি, ইরানের সাম্প্রতিক কর্মকাণ্ড ‘অগ্রহণযোগ্য মাত্রায় চুক্তি লঙ্ঘনের শামিল’। তারপরও তেহরানের সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে।

গত মাসে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি সাম্প্রতিক দিনগুলোতে বড় ধরনের চাপে পড়েছে। চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরান উভয়েই একে অপরের বিরুদ্ধে হামলা চালিয়েছে। ন্যাটো সম্মেলনে ট্রাম্প বলেন, ‘আমি আর তাদের (ইরান) নিয়ে মাথা ঘামাতে চাই না।’

সম্মেলন শেষে ফেরার পথে ট্রাম্প দাবি করেন, সংঘাত বন্ধে নতুন একটি সমঝোতায় পৌঁছাতে ইরানই যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে।

তিনি বলেন, ‘তারা কিছুক্ষণ আগেই ফোন করেছে। তারা খুব করেই একটি চুক্তি করতে চায়। কিন্তু তারা আদৌ সেই চুক্তির যোগ্য কি না, আমি জানি না। সবচেয়ে বড় প্রশ্ন হলো, তারা চুক্তি মেনে চলবে কি না।’

অন্যদিকে ইরান অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্রই সমঝোতা স্মারকের শর্ত ভঙ্গ করেছে। তেহরানের দাবি, হরমুজ প্রণালিতে ইরানের নেওয়া পদক্ষেপে হস্তক্ষেপ, নতুন করে হামলার হুমকি এবং তেল রপ্তানিতে নিষেধাজ্ঞা পুনর্বহাল করে ওয়াশিংটন চুক্তি লঙ্ঘন করেছে।

হরমুজ প্রণালিতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার জবাবে যুক্তরাষ্ট্র নতুন করে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালায়। পরে মার্কিন ট্রেজারি বিভাগ ইরানকে তেল বিক্রির সুযোগ দেওয়া একটি বিশেষ ছাড়ও প্রত্যাহার করে নেয়।