১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

বিশ্বকাপের পরই মেজর লীগ সকার (এমএলএস) শাস্তির মুখে পড়তে পারেন মেসি

বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সে আর্জেন্টিনাকে কোয়ার্টার ফাইনালে তুলেছেন অধিনায়ক লিওনেল মেসি। তবে মাঠের লড়াইয়ের পাশাপাশি নতুন করে আলোচনায় এসেছে তার ক্লাব ক্যারিয়ার। আর্জেন্টিনা যদি ২০২৬ বিশ্বকাপের ফাইনালে পৌঁছে যায়, তাহলে আবারও মেজর লিগ সকার (এমএলএস)-এর এক ম্যাচের নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা।

বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা ১৯ জুলাই। এরপর মাত্র ১০ দিন পর, ২৯ জুলাই অনুষ্ঠিত হবে ২০২৬ এমএলএস অল-স্টার ম্যাচ। যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার শার্লটে অবস্থিত ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে আয়োজিত এই ম্যাচে এবারও নির্বাচিত হয়েছেন মেসি। তবে আর্জেন্টিনা যদি ফাইনালে খেলে, তাহলে দীর্ঘ ও কঠিন টুর্নামেন্ট শেষে শারীরিক ও মানসিক ক্লান্তির কারণে অল-স্টার ম্যাচে না খেলার সিদ্ধান্ত নিতে পারেন তিনি।

সেই সিদ্ধান্তই আবার তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে। এমএলএসের প্রচলিত নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় উপযুক্ত বা অনুমোদিত চিকিৎসাজনিত কারণ ছাড়া অল-স্টার ম্যাচে অনুপস্থিত থাকলে পরবর্তী লিগ ম্যাচে স্বয়ংক্রিয়ভাবে এক ম্যাচের নিষেধাজ্ঞা দেয়া হয়। ফলে মেসি অল-স্টার ম্যাচে না খেললে নিয়ম অনুযায়ী শাস্তির মুখে পড়ার সম্ভাবনা রয়েছে।

এমন পরিস্থিতির মুখে অবশ্য এর আগেও পড়তে হয়েছে আর্জেন্টাইন অধিনায়ককে। গত মৌসুমে ক্লান্তির কারণে অল-স্টার ম্যাচে অংশ নেননি মেসি ও তার ইন্টার মায়ামি সতীর্থ জর্দি আলবা। পরে এমএলএস কর্তৃপক্ষ তাদের দুজনকেই একটি করে লিগ ম্যাচে নিষিদ্ধ করেছিল। সেই সিদ্ধান্ত নিয়ে তখন ব্যাপক আলোচনা হয়েছিল।

তবে এবার পরিস্থিতি কিছুটা ভিন্ন হতে পারে বলেই মনে করা হচ্ছে। কারণ, বিশ্বকাপের ফাইনাল খেলে ফিরলে বিশ্রামের প্রয়োজনীয়তা স্বাভাবিকভাবেই অনেক বেশি থাকবে। তাই গতবারের মতো কঠোর অবস্থান না নিয়ে এমএলএস কর্তৃপক্ষ বিশেষ বিবেচনায় সিদ্ধান্ত নিতে পারে বলেও বিভিন্ন গণমাধ্যমে আলোচনা চলছে। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত লিগ কর্তৃপক্ষ আনুষ্ঠানিক কোনো অবস্থান জানায়নি।

এবারের অল-স্টার দলে মেসির পাশাপাশি জায়গা পেয়েছেন তার নতুন ইন্টার মায়ামি সতীর্থ রদ্রিগো ডি পল। এছাড়া ম্যাচটিতে অংশ নেয়ার কথা রয়েছে জার্মান তারকা থমাস মুলার এবং দক্ষিণ কোরিয়ার অধিনায়ক সন হিউং-মিন এরও। এমএলএস অল-স্টার একাদশের প্রতিপক্ষ হবে মেক্সিকোর লিগা এমএক্স অল-স্টার দল।