গত ১৯ জুন শুক্রবার উৎসবের আমেজ আনন্দ আর দর্শনার্থীদের সুখানুভুতিতে সিক্ত নিউ ইয়র্কে BHALO’র জমজমাট মেলা। হিলসাইড অ্যাভিনিউয়ের পাশে ১৭৩ থেকে ১৭৫ স্ট্রিটের মাঝের ছোট্ট সবুজ পার্কটি আবাল বৃদ্ধ বনিতার কলকাকলীতে শুক্রবার বিকেলে রূপ নিয়েছিল একটি ক্ষুদ্র পরিসরের বাংলাদেশে।

অত্যন্ত সুশৃঙ্খল আয়োজনে কেনাকাটার জন্য নানান ধরনের পণ্যের স্টল, হালাল কোরিয়ান খাবার সহ মুখরোচক খাবারের ফুড কর্নার, শিশুদের জন্য নানা রাইড আর খেলাধুলার আয়োজন ছাড়াও ছিল ফুটবলপ্রেমীদের জন্য বিশাল পর্দায় বিশ্বকাপ ফুটবল এর ওয়াচ পার্টি,। সেই সাথে খোলা মঞ্চে একের পর এক সাংস্কৃতিক পরিবেশনা।

শুরুতেই বিউটি দাস ও রাজীব রহমানের ব্যান্ডের প্রাণবন্ত সংগীত পরিবেশনা মেলার উৎসবের আমেজে যোগ করেছিল নতুন মাত্রা ।

মেলার সবুজ প্রাঙ্গণ জুড়ে কোথাও পরিবার-পরিজন নিয়ে আড্ডা, কোথাও বন্ধুদের হাসি-আনন্দ, কোথাও আবার দীর্ঘদিন পর পরিচিত মুখের সঙ্গে দেখা, সব মিলিয়ে মেলার প্রতিটি মুহূর্ত ছিল আশাতীত প্রাণবন্ত, উষ্ণ এবং উপভোগ্য।

প্রজন্ম থেকে প্রজন্ম অবধি নিজস্ব সংস্কৃতি চর্চা, কমিউনিটির বন্ধনকে ধরে রাখার এক হৃদয়গ্রাহী প্রয়াস ছিল যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশে জনসেবায় নিবেদিত ভালো কাজের সংগঠন শাহরিয়ার রহমানের পরিচালনাধীন BHALO-র এই মেলা।

এমন একটি সুন্দর ও সুশৃঙ্খল আয়োজনে পরিবারবান্ধব এবং প্রাণবন্ত মেলা এই নিউ ইয়র্কে স্মরণকালে চোখে পড়েনি বলে মেলা প্রাঙ্গণের মন্তব্য করেছেন অনেক।

প্রসঙ্গত বাংলা শব্দ “ভালো” থেকেই এসেছে BHALO নামটি। Bangladeshi Humanitarian Aid and Leadership Outreach (BHALO) নিউ ইয়র্কে একটি 501(c)(3) নন-প্রফিট সংগঠন, যার মূল লক্ষ্য মানুষের কল্যাণে কাজ করা।

সাংস্কৃতিক ও ভাষাগত প্রতিবন্ধকতা দূর করা, প্রয়োজনীয় তথ্য ও সেবা মানুষের কাছে পৌঁছে দেওয়া, নাগরিক সচেতনতা বৃদ্ধি এবং নতুন নেতৃত্ব গড়ে তোলার মতো গুরুত্বপূর্ণ কাজের মাধ্যমে ভালো কমিউনিটিকে আরও শক্তিশালী করার চেষ্টা করে যাচ্ছে।

“BHALO” বিশ্বাস করে, একটি উন্নত ও শক্তিশালী কমিউনিটি গড়ে ওঠে সমান সুযোগ, মানবিকতা, সহযোগিতা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে। তাদের বিভিন্ন সামাজিক, শিক্ষামূলক ও মানবিক উদ্যোগ সেই লক্ষ্য পূরণেই নিরলসভাবে কাজ করে যাচ্ছে।















