আগামী ১৬ মে শনিবার নিউইয়র্কে ‘ইউএসবিসিসিআই’র উদ্যোগে ‘তৃতীয় রিয়েল এস্টেট এক্সপো’ অনুষ্ঠিত হবে। কুইন্সের লাগোয়ার্ডিয়া এয়ারপোর্ট ম্যারিয়ট হোটেলের বলরুমে দিনব্যাপী এই এক্সপোতে রিয়েল এস্টেট এজেন্ট, ব্রোকার, অ্যাটর্নি, হালাল মর্টগেজ সংস্থা, সিটি ও স্টেট প্রশাসনে সংশ্লিষ্ট দফতরের নীতি-নির্ধারকরাও অংশ নেবেন। থাকবে সেমিনার-সিম্পোজিয়াম।
গত ২২ এপ্রিল দুপুরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই এক্সপোর প্রস্তুতি সম্পর্কে যাবতীয় তথ্য অবহিত করেন ‘ইউএসবিসিসিআই-এর (ইউনাইটেড স্টেট বাংলাদেশ-আমেরিকান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি) প্রতিষ্ঠাতা-প্রেসিডেন্ট ও সিইও লিটন আহমেদ, অন্যতম পরিচালক আহাদ আলী সিপিএ, শেখ ফরহাদ, ইসমাইল আহমেদ ও এক্সপোর অন্যতম স্পন্সর ফাহিম হোসেন।

এক্সপোর আয়োজক সংস্থা ইউএসবিসিসিআই-এর (ইউনাইটেড স্টেট বাংলাদেশ-আমেরিকান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি) এর অন্যতম পরিচালক শেখ ফরহাদ সংবাদ সম্মেলনের স্বাগতিক বক্তব্য উপস্থাপনের সময় নিউইয়র্কে বাংলা ভাষার সংবাদ মাধ্যমসমুহের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে বলেন, কমিউনিটিকে রিয়েল এস্টেট সেক্টরের সাথে পরিচিত করতে আমাদের গত দু’বছরের উদ্যোগকে ফলপ্রসূ করতে সাংবাদিকদের অবদান চির স্মরণীয় হয়ে রয়েছে। কারণ এক্সপোতে সর্বোচ্চ দেড় হাজার জনের মত উপস্থিত হতে পারেন। অন্যরা এক্সপোর বিষয়ে সবিস্তারে অবহিত হয়েছেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে।
বাংলাদেশ-আমেরিকান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি) প্রতিষ্ঠাতা-প্রেসিডেন্ট ও সিইও লিটন আহমেদ জানান, গত দু’বছরে যেসব ভেন্ডার এসেছিলেন এবার তাদের প্রায় সকলেই রেজিস্ট্রেশন করেছেন। অর্থাৎ এই এক্সপোর মাধ্যমে তারা উপকৃত হয়েছেন।

এছাড়া কয়েকটি প্রতিষ্ঠান এবারই প্রথম রেজিস্ট্রেশন করেছে। লিটন আহমেদ আরো জানান, বহুজাতিক এ সমাজে বাংলাদেশিরা একেবারেই নতুন হওয়ায় এখানকার সুযোগ-সুবিধা সম্পর্কে ততটা অবহিত নন। এজন্য অনেকের স্বপ্ন পূরণের পথ বাধাগ্রস্ত হয় কিংবা হতাশায় পড়তমার আশংকায় থাকেন। তেমন আশংকা দূর করতে এই এক্সপোর গুরুত্ব অপরিসীম। বাড়ী কেনাবেচা অর্থাৎ রিয়েল এস্টেট সেক্টরের অভিজ্ঞজনেরা এতে থাকবেন এবং অংশগ্রহণকারীদের সকল কৌতুহল মেটাতে সক্ষম হবেন। সেমিনার-সিম্পোজিয়ামের বাইরেও তারা রিয়েল এস্টেট সেক্টরের সবধরনের প্রশ্নের উত্তর দেবেন।
লিটন আহমেদ আরো জানান, এই এক্সপোতে অংশ নিতে কোনো টিকিট লাগবে না। নিঃসংকোচে সকলে অংশ নিতে পারবেন। তবে সবাইকে রেজিস্ট্রেশন করতে হবে ।
অন্যান্য বারের মত এক্সপোতে এবারও থাকবে ব্যাংক, বীমা, শরিয়া ব্যাংক এবং খ্যাতনামা রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের ৬০টির অধিক স্টল। যার সবকটিই আমেরিকান প্রতিষ্ঠান হলেও ব্যবস্থাপনায় রয়েছেন বাংলাদেশি আমেরিকানরা। ফলে সাধারণ প্রবাসীদের কৌত‚হলের অবসান ঘটানো সহজ হবে।














