২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

১৭ এপ্রিল শুক্রবার নিউইয়র্ক ও মিশিগানে মুক্তি পেয়েছে ‘রাক্ষস’

ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশে মুক্তি পেয়ে আলোচনায় আসা চলচ্চিত্র ‘রাক্ষস’ এবার আন্তর্জাতিক পরিসরে যাত্রা শুরু করেছে। ১৭ এপ্রিল শুক্রবার থেকে নিউইয়র্ক’র ‘সিনেমারট সিনেমাস’ এবং মিশিগানের ‘এএমসি ফোরাম ৩০’সহ বিভিন্ন প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পেয়েছে ।পরিচালক মেহেদী হাসান হৃদয় নির্মিত এ চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। আমেরিকায় ছবিটি পরিবেশন করছে গ্যালাক্সি মিডিয়া।

গ্যালাক্সি মিডিয়ার কর্ণধার বদরুদ্দোজা সাগর জানিয়েছেন , ‘ভিন্নধর্মী ও শক্তিশালী গল্পের বাংলা সিনেমা বিশ্বদর্শকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। ‘রাক্ষস’ এমন একটি চলচ্চিত্র, যা দর্শকদের শুধু বিনোদনই দেবে না, বরং গভীরভাবে নাড়িয়ে দেবে।’ ‘রাক্ষস’ সিনেমায় অভিনেতা সিয়াম আহমেদকে নতুন রূপে দেখে মুগ্ধ হবেন ভক্তরা। তার সঙ্গে জুটি বেঁধেছেন পশ্চিমবঙ্গের সুস্মিতা চট্টোপাধ্যায়। এর মাধ্যমে বাংলাদেশের বিনোদন জগতে পা রেখেছেন ২৬ বছর বয়সী এই নায়িকা।সিনেমাটিতে আরো অভিনয় করেছেন আলীরাজ, সোহেল মণ্ডল, নাজনীন হাসান চুমকি, পশ্চিমবঙ্গের অভিনেতা শতাফ ফিগার ও ‘বরবাদ’-এর জিল্লু রূপী স্যাম ভট্টাচার্য।

রিয়েল এনার্জি প্রোডাকশনের ব্যানারে ‘বরবাদ’ সিনেমার প্রযোজক শাহরিন আক্তার সুমি ও আজিম হারুন প্রযোজনা করছেন ‘রাক্ষস’। এর শুটিং হয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও ভারতের মুম্বাইয়ে। বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ‘এ’ (প্রাপ্তবয়স্কদের জন্য প্রযোজ্য) সনদ পাওয়া ‘রাক্ষস’-এর দৈর্ঘ্য ২ ঘণ্টা ২১ মিনিট ২১ সেকেন্ড।

১৭ এপ্রিল মিশিগানের স্টার্লিং হাইটস শহরের এএমসি থিয়েটারে ছবিটির প্রদর্শনী শুরু হয়েছে । পাশাপাশি উত্তর আমেরিকার আরও কয়েকটি শহরে প্রদর্শনের প্রস্তুতি চলছে।

ছবিটি প্রযোজনা করেছেন আজিম হারুন ও শাহরীন আক্তার সুমি। নির্মাতাদের প্রত্যাশা, দেশের মতো আন্তর্জাতিক অঙ্গনেও দর্শকদের কাছে সাড়া ফেলবে চলচ্চিত্রটি।