যুক্তরাষ্ট্র প্রবাসী সিলেটের বিয়ানীবাজারবাসীদের সামাজিক সংগঠন বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএ’র সাধারণ সম্পাদক এবং বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা রেজাউল আলম অপু’র পিতা হাজী মোহাম্মদ রিয়াজ উদ্দিন বুধবার (১১ মার্চ) ইন্তেকাল করেছেন। এদিন সন্ধ্যা ৮.২৭ মিনিটের সময় নিউইয়র্কের লং আইল্যান্ড জুইস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিলো ৭৫ বছর। মৃত্যুকালে তিনি চার ছেলে ও এক কন্যা সহ বহু আত্বীয়-স্বজন ও শুভাকাঙ্খী রেখে গেছেন। তার গ্রামের বাড়ী সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নের পুরুষপাল।
জানা যায়, হাজী মোহাম্মদ রিয়াজ উদ্দিন গত দুই বছর ধরে অসুস্থ ছিলেন। প্রথমে তিনি হৃদরোগে আক্রান্ত হন। পরবর্তীতে তার শ্বাসনালীতে ক্যান্সার ধরা পড়ে এবং তিনি দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত ২৩ ফেব্রুয়ারী সোমবার শারীরিক অবস্থার গুরুতর অবনতি হওয়ায় তাকে লং আইল্যান্ড জুইস হাসপাতালে ভর্তি করা হয়। এরপর গত ২৭ ফেব্রুয়ারী শুক্রবার তার শ্বাসনালীতে একটি অস্ত্রোপচার করা হয়।

মরহুমের জানাজার নামাজ বৃহস্পতিবার বাদ জোহর (বেলা ১টা) ওজনপার্কস্থ আল-আমান মসজিদ অনুষ্ঠিত হয়। জানাজায় বিপুল সংখ্যক বিয়ারীবাজারবাসী সহ প্রবাসীরা অংশ নেন। তার মরদেহ লং আইল্যান্ডস্থ ওয়াশিংটন মেমোরিয়াল কবরস্থানে দাফন করা হবে। উল্লেখ্য, মরহুম হাজী মোহাম্মদ রিয়াজ উদ্দিন বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজু মোহাম্মদ-এর আপন বড় মামা।
শোক প্রকাশ: বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএ’র সাধারণ সম্পাদক রেজাউল আলম অপু’র পিতা হাজী মোহাম্মদ রিয়াজ উদ্দিনের ইন্তেকালে বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, সিনিয়র সহ সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সভাপতি বদরুল হোসেন খান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকন হাকিম, বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতির সভাপতি আব্দুল মান্নান, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রতিষ্ঠাতা ও সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার ও সাধারণ সম্পাদক এনায়েত মুন্সি গভীর সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। খবর ইউএনএ’র।














